বিনোদন
স্ত্রীর ১০২ ডিগ্রি জ্বরের মধ্যেও রাত ৪টায় পরোটা চেয়ে সমালোচনায় মুকিত জাকারিয়া
ছোটপর্দার অভিনেতা মুকিত জাকারিয়া অভিনয়ের পাশাপাশি বিভিন্ন বিষয়ে নিজের মন্তব্যের কারণেও প্রায়ই আলোচনায় থাকেন। এবার স্ত্রীর অসুস্থতার মধ্যেও রাত ৪টায় পরোটা খাওয়ার ঘটনা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতা তুলে ধরে মুকিত জাকারিয়া বলেন, ‘রাত ৪টায় বললাম, ও বউ, পরোটা খাইয়ুম। স্ত্রী ১০২ ডিগ্রি জ্বর নিয়ে গরম পরোটা করে খাওয়ালো। আলহামদুলিল্লাহ।’
মুকিতের এই বক্তব্য প্রকাশ্যে আসার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় সমালোচনা। নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন, ১০২ ডিগ্রি জ্বরে অসুস্থ একজন মানুষকে দিয়ে রাত ৪টায় খাবার তৈরি করানো কতটা মানবিক ও যৌক্তিক।
একজন নেটিজেন মন্তব্য করেন, নিজের স্ত্রীর ১০২ ডিগ্রি জ্বরের কথা জানার পরও তাকে দিয়ে রাত ৪টায় পরোটা বানানো এবং বিষয়টি গর্ব করে বলার মতো কিছু নয়।
আরেকজন লিখেছেন, ১০২ ডিগ্রি জ্বরে ভোগা স্ত্রীকে দিয়ে রাত ৪টায় পরোটা বানিয়ে নেওয়ার ঘটনা কীভাবে গর্বের বিষয় হতে পারে, তা বোধগম্য নয়।
আরও একজন প্রশ্ন তুলেছেন, স্ত্রীর যখন এত বেশি জ্বর, তখন তার পরোটা খাওয়ার ইচ্ছা হলো কীভাবে। ইচ্ছা হলেও অসুস্থ স্ত্রীকে দিয়ে তা বানাতে বললেন কীভাবে।
মুকিত জাকারিয়ার বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মন্তব্য দেখা গেলেও, এ বিষয়ে এখন পর্যন্ত অভিনেতার কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
প্রসঙ্গত, টেলিভিশন বিজ্ঞাপনের মাধ্যমে পরিচিতি পান মুকিত জাকারিয়া। চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর হাত ধরে বিজ্ঞাপনমাধ্যমে তার পথচলা শুরু হয়। পরবর্তী সময়ে টেলিভিশন নাটক ও টেলিফিল্মের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময় নিজের মন্তব্যের কারণে আলোচনায় আসা এই অভিনেতাকে ঘিরে এবারও সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে ব্যাপক সমালোচনা।