সারাদেশ
রাজিবপুরে গরু চুরির চেষ্টার অভিযোগে ছাত্রদল নেতাকে শোকজ, তদন্ত কমিটি গঠন
কুড়িগ্রামের রাজিবপুরে গরু চুরির চেষ্টার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এক স্থানীয় নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অভিযোগের সত্যতা যাচাইয়ে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা ছাত্রদল।
অভিযুক্ত মো. মফিজুল হক উপজেলার মোহনগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
বুধবার (৭ অক্টোবর) রাজিবপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোখলেছুর রহমান ও সদস্যসচিব নাজমুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মফিজুল হককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ পাওয়ার পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে তাঁকে লিখিত জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে উপজেলা বিএনপি কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে আহ্বায়ক ও সদস্যসচিবের সামনে ওই জবাব উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযোগের বিষয়ে অধিকতর তদন্ত ও সত্যতা যাচাইয়ের জন্য উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও অভিযোগ সূত্রে জানা গেছে, গত রোববার (৪ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের ভোটাংপাড়া গ্রামের বাসিন্দা মো. ওমর আলীর (৬৫) গোয়ালঘরে একদল ব্যক্তি প্রবেশ করেন। অভিযোগ রয়েছে, গরু চুরির উদ্দেশ্যেই তাঁরা গোয়ালঘরে ঢুকেছিলেন। বিষয়টি টের পেয়ে ওমর আলী বাইরে বের হয়ে মফিজুল হককে হাতেনাতে ধরে ফেলেন বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় মফিজুল হক ওই বৃদ্ধের হাতের আঙুল মুচড়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে ওমর আলী আহত হন বলেও দাবি করা হয়েছে।
এর পরদিন সোমবার (৫ অক্টোবর) সকাল ৯টার দিকে স্থানীয় বাজারে ওমর আলীকে প্রকাশ্যে গালিগালাজ এবং কুপিয়ে ও গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে মফিজুল হকের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী ওমর আলীর ছেলে মো. দুলাল হোসেন (৩৮) বাদী হয়ে মফিজুল হকসহ চারজনের বিরুদ্ধে ঢুষমারা থানায় লিখিত অভিযোগ করেন।
দুলাল হোসেন অভিযোগ করে বলেন, মফিজুল মাদক ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত। তাঁর অভিযোগ, এসবের জন্য অর্থের প্রয়োজন হওয়ায় গভীর রাতে তাঁদের গোয়ালঘরে চুরি করতে ঢুকেছিলেন মফিজুল। এতে বাধা দেওয়ায় তাঁর বাবার ওপর নির্যাতন করা হয় এবং পরে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় তাঁরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও দাবি করেন তিনি।
তবে গরু চুরির চেষ্টা, বৃদ্ধকে নির্যাতন ও হত্যার হুমকির অভিযোগের বিষয়ে অভিযুক্ত মো. মফিজুল হকের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঢুষমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে ঘটনার সত্যতা যাচাইয়ের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।