সারাদেশ
বাংলাদেশ ভ্রমণে এসে ব্যাগ উধাও, রেলস্টেশনে কাঁদছেন জার্মান পর্যটক
বাংলাদেশের ঐতিহাসিক স্থাপনাগুলো ঘুরে দেখতে নাটোরে এসেছিলেন ১৮ বছর বয়সী জার্মান পর্যটক কিরিল। তবে নাটোর রেলস্টেশনে এসে ব্যাগ হারিয়ে বিপাকে পড়েছেন তিনি। ওই ব্যাগে ল্যাপটপ, ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিগত সামগ্রী ছিল।
কিরিলের ভাষ্য অনুযায়ী, বুধবার ৭ অক্টোবর বিকেল প্রায় ৪টার দিকে বগুড়া থেকে ট্রেনে নাটোর রেলস্টেশনে নামেন তিনি। পরে স্টেশনের অপেক্ষাকক্ষে ব্যাগ রেখে টাকা তুলতে এটিএম বুথে যান। যাওয়ার আগে ভেস্ট পরা এক রেলওয়ে কর্মকর্তার কাছে নিজের ব্যাগ ও অন্যান্য মালামাল রেখে যান তিনি। ওই কর্মকর্তা তার জিনিসপত্র দেখভালের আশ্বাস দিয়েছিলেন।
কিরিল জানান, টাকা তুলে ফিরে এসে তিনি দেখতে পান, ব্যাগসহ তার অন্যান্য মালামাল সেখানে নেই। একই সঙ্গে ওই রেলওয়ে কর্মকর্তাকেও আর সেখানে পাওয়া যায়নি। এরপর বিভিন্ন জায়গায় খোঁজ করেও ব্যাগের সন্ধান পাননি তিনি।
কিরিলের দাবি, তার ল্যাপটপের আইক্লাউড অবস্থান বুধবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে নওগাঁ এলাকায় দেখাচ্ছিল। ফলে চুরি যাওয়া মালামাল উদ্ধারের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ব্যাগ হারানোর পর রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন কিরিল। পরে তাকে নাটোর সদর থানায় পাঠানো হয়। সেখানে দীর্ঘ সময় অবস্থান করে সহায়তার অপেক্ষায় থাকতে দেখা যায় তাকে। একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন এই বিদেশি পর্যটক।
এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনছুর আহমেদ বলেন, ঘটনাটি মূলত রেলওয়ে পুলিশের আওতাধীন। তবে ভুক্তভোগী বিদেশি নাগরিক হওয়ায় বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, এরই মধ্যে চুরি যাওয়া যন্ত্রের অবস্থান শনাক্ত করা হয়েছে। শনাক্ত করা অবস্থানে পুলিশ পাঠানো হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে কিরিলের ল্যাপটপ, ক্যামেরাসহ হারানো মালামাল উদ্ধার করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।