সারাদেশ
পটুয়াখালীতে ক্লাস চলাকালে হঠাৎ অসুস্থ ১০ শিক্ষার্থী, আতঙ্কে অভিভাবকরা
পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যালয়ে পাঠদান চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ১০ ছাত্রী। বুধবার দুপুরে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরে অসুস্থ শিক্ষার্থীদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে শ্রেণিকক্ষে পাঠদান চলছিল। এ সময় দশম শ্রেণির জাকিয়া নামের এক ছাত্রী হঠাৎ পেটব্যথা, পায়ে ঝিঁঝি ধরা ও শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়ে। কিছুক্ষণ পর একই ধরনের উপসর্গ নিয়ে আরও নয় ছাত্রী অসুস্থ হয়ে পড়ে।
পরে স্থানীয়দের সহায়তায় বিকেল সাড়ে ৩টার দিকে অসুস্থ শিক্ষার্থীদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল্লাহ জানান, প্রথমে একজন ছাত্রী অসুস্থ হওয়ার পর পরই একই ধরনের উপসর্গ নিয়ে আরও কয়েকজন অসুস্থ হয়ে পড়ে।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক পলি সাহা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গণমনস্তাত্ত্বিক কারণে শিক্ষার্থীরা দ্রুত শ্বাস নেওয়ার সমস্যায় আক্রান্ত হয়েছে। তবে চিকিৎসাধীন সব শিক্ষার্থীই বর্তমানে শঙ্কামুক্ত রয়েছে।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর একই উপজেলার চম্পাপুর ইউনিয়নের এমইউ মাধ্যমিক বিদ্যালয়ে একই ধরনের ঘটনায় অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছিল। অল্প সময়ের ব্যবধানে দুটি বিদ্যালয়ে একই ধরনের ঘটনা ঘটায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।