সারাদেশ
ভৈরবে নববিবাহিত মেয়েকে বিদায়ের পরই বিদ্যুৎস্পৃষ্টে বাবার মৃত্যু
মেয়ের বিয়ের বিদায় অনুষ্ঠানের আনন্দ মুহূর্তেই পরিণত হলো শোকে। কিশোরগঞ্জের ভৈরবে অটোরিকশার চার্জের সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকবর আলী নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৫০ বছর।
বুধবার ৭ অক্টোবর বিকেলে উপজেলার শিমুলকান্দী ইউনিয়নের তুলাকান্দী গ্রামের একটি অটোরিকশার গ্যারেজে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আকবর আলী উপজেলার আগানগর ইউনিয়নের নবীপুর গ্রামের মৃত জনাব আলীর ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন। সংসারে তার তিন কন্যাসন্তান রয়েছে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে আকবর আলী তার নববিবাহিত মেয়ের বিদায় অনুষ্ঠান সম্পন্ন করেন। অনুষ্ঠান শেষে তুলাকান্দী এলাকায় পাভেল মিয়ার গ্যারেজে নিজের অটোরিকশা আনতে যান তিনি। গ্যারেজ থেকে অটোরিকশাটি বের করার সময় চার্জের সংযোগ খুলতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন আকবর আলী।
পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তানিয়া ইসলাম নেভী জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছিল।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।