জাতীয়

নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১১:৩৬ এএম

নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ
ছবি: সংগৃহীত

বাণিজ্য বিষয়ে বাংলাদেশ ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের ১৬তম বৈঠক শুরু হচ্ছে আজ। বৃহস্পতিবার, ৮ অক্টোবর ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হওয়া দুই দিনের এই বৈঠক শেষ হবে আগামীকাল শুক্রবার।

বৈঠকে দুই দেশের বাণিজ্যে বিদ্যমান বিভিন্ন বাধা, পাটজাত পণ্যে অ্যান্টিডাম্পিং শুল্ক, স্থলবন্দর সংক্রান্ত বিষয়সহ দ্বিপক্ষীয় বাণিজ্যের নানা ইস্যু তুলে ধরবে বাংলাদেশ।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারের নেতৃত্বে ১০ সদস্যের সরকারি প্রতিনিধিদল বৈঠকে অংশ নিতে মঙ্গলবার নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছেড়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৫ থেকে ২০২৬ অর্থবছরে বাংলাদেশ ভারতে ১৭৫ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে। একই সময়ে ভারত বাংলাদেশে এক হাজার ৯৬ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে।

চীনের পর ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আমদানি উৎস। দেশের ব্যবসায়ীরা ভারত থেকে শিল্পের কাঁচামাল, কাপড়, সুতা ও তুলাসহ বিভিন্ন পণ্য আমদানি করেন।