আইন আদালত

দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু, এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৭:২৫ পিএম

দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু, এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর
ছবি: সংগৃহীত

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার গাড়িচালক ওবায়দুরের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার বেলা পৌনে ৩টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত বাদীপক্ষের আপসনামা ও আসামিপক্ষের জামিন আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ।

আদালতে গাজী নজরুলের জামিন চেয়ে শুনানি করেন আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান। তিনি শুনানিতে বাদীপক্ষের আপসনামা এবং গাজী নজরুলের অসুস্থতার বিষয়টি তুলে ধরে জামিনের আবেদন করেন।

তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ জামিনের বিরোধিতা করেন। তিনি বলেন, মামলাটি অনাপসযোগ্য ধারায় হওয়ায় এখানে আপসের সুযোগ নেই। তদন্ত শেষ হওয়ার পরই জানা যাবে, মরিয়ম আক্তারের মৃত্যু আত্মহত্যা নাকি হত্যা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আরও বলেন, আপসনামায় থাকা আব্দুল হামিদ কোনো পক্ষ কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন। তিনি বাদীসহ আব্দুল হামিদ মোড়লকে আটকের আবেদন জানান। পরে আদালত আব্দুল হামিদের জামিন নামঞ্জুর করেন।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী বলেন, বাদীপক্ষ গাজী নজরুলের জামিনে আপত্তি করছে না। তদন্ত নিয়েও কোনো আপত্তি জানানো হয়নি। তার স্ত্রী জামিন পেয়েছেন, তাই গাজী নজরুলকেও জামিন দেওয়া উচিত।

তবে উভয় পক্ষের শুনানি শেষে আদালত গাজী নজরুল ইসলাম ও তার গাড়িচালক ওবায়দুরের জামিন আবেদন নামঞ্জুর করেন।