আইন আদালত
‘আমি আওয়ামী লীগার না’ বলে পুলিশকে শাসালেন জামায়াত নেতা আখতারুজ্জামান
‘আমি আওয়ামী লীগার না’ বলে পুলিশের দেওয়া হেলমেট ছুড়ে ফেলে ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াত নেতা ও অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান। এ সময় প্রিজনভ্যানের ভেতর থেকে আঙুল তুলে পুলিশ সদস্যদের শাসাতেও দেখা যায় তাকে।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীর বিমানবন্দর থানার মামলায় আদালতে নেওয়ার সময় এ ঘটনা ঘটে। আদালত চত্বরে প্রিজনভ্যান থেকে নামানোর সময় নিজের হাতে হাতকড়া ও মাথায় হেলমেট পরানো নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
এ সময় আখতারুজ্জামান বলেন, ‘আমার মুক্তিযুদ্ধ করে পাওয়া দেশে আমার হাতে হাতকড়া ও হেলমেট পরানো হয়েছে।’
বিমানবন্দরের অব্যবস্থাপনা নিয়ে কথা বলার কারণেই তাকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে বলে দাবি করেন তিনি। একপর্যায়ে পুলিশের দেওয়া হেলমেট ছুড়ে ফেলেন এই জামায়াত নেতা।
তিনি আরও বলেন, ‘জুলুম, নির্যাতন করে আমাদের থামানো যাবে না। জামায়াত জনগণের জন্য লড়বে, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়বে।’
জনগণের অধিকার আদায়ের সংগ্রাম অব্যাহত থাকবে উল্লেখ করে আখতারুজ্জামান বলেন, ‘ভাইয়েরা, জনগণের অধিকার সংগ্রাম অব্যাহত থাকবে। জনগণের সংগ্রাম অব্যাহত থাকবে। আমরা জনগণের জন্য লড়ব ইনশাআল্লাহ।’
এর আগে মদিনা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে দেশে ফেরেন ওমরাহ যাত্রীরা। ওই ফ্লাইটে ছিলেন আখতারুজ্জামান। যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্ব হওয়াকে কেন্দ্র করে বিমানবন্দরের কর্মকর্তাদের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়।
এ সময় বিমানমন্ত্রীর নাম উল্লেখ করে আপত্তিকর মন্তব্য করার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
পরে শুক্রবার (২ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে বিমানবন্দর থানায় আখতারুজ্জামানের বিরুদ্ধে দণ্ডবিধির একাধিক ধারায় মামলা করেন।