জাতীয়
ট্রেনের টিকিট ছাড়ার আগেই সিট ব্লক করে ফেলেন ‘সহজ’ কর্মীরা
রেলের অনলাইন টিকিট সাধারণ যাত্রীদের জন্য উন্মুক্ত হওয়ার ১ থেকে ৫ দিন আগেই আসন ব্লক করার সুযোগ ছিল বেসরকারি ভেন্ডর প্রতিষ্ঠান সহজ ডট কমের কর্মীদের। পরিবহন অডিট অধিদপ্তরের তথ্যপ্রযুক্তি নিরীক্ষায় এমন তথ্য উঠে এসেছে।
বাংলাদেশ রেলওয়ের ই টিকিটিং ব্যবস্থার নিয়ন্ত্রণে থাকা ড্যাশবোর্ডের বিভিন্ন অ্যাডমিন হিসাব পরিচালনা করতেন সহজ ডট কমের কর্মীরা। চুক্তির শর্ত অনুযায়ী তাদের দায়িত্ব ছিল হার্ডওয়্যার, সফটওয়্যার ও নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ। কিন্তু টিকিট বিক্রি, আসন সংরক্ষণ, কোটা সমন্বয়, টিকিট ব্লক ও ছেড়ে দেওয়ার মতো কার্যক্রমে তাদের সরাসরি যুক্ত থাকার কথা ছিল না।
রেলের টিকিট কাটতে সাধারণ যাত্রীদের ভোগান্তি দীর্ঘদিনের। টিকিট প্রাপ্তি সহজ করতে ২০২২ সালের ফেব্রুয়ারিতে অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি ও ব্যবস্থাপনার জন্য সহজ ডট কমের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ রেলওয়ে।
তবে নিরীক্ষায় দেখা গেছে, চট্টগ্রাম ও সিলেট রেলওয়ে স্টেশনের ই টিকিটিং ড্যাশবোর্ডে থাকা ৬টি সক্রিয় ব্যবহারকারীর হিসাব সহজ ডট কমের নিয়ন্ত্রণে ছিল। সিলেট স্টেশনে দায়িত্বরত ভেন্ডর প্রতিনিধির প্রশাসনিক ড্যাশবোর্ড পর্যালোচনা করে দেখা যায়, দেশের যেকোনো রুটের টিকিট সাধারণ যাত্রীদের জন্য উন্মুক্ত হওয়ার ১ থেকে ৫ দিন আগেই তা ব্লক করার সুযোগ ছিল।
২০২১ থেকে ২০২২ অর্থবছর থেকে ২০২৫ থেকে ২০২৬ অর্থবছর পর্যন্ত কার্যক্রমের ওপর নিরীক্ষা চালায় পরিবহন অডিট অধিদপ্তর। সেই নিরীক্ষাতেই উঠে আসে এসব তথ্য।
নলেজ হাব ইনস্টিটিউটের সভাপতি খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ই টিকিটিং ব্যবস্থা আগের কালোবাজারি ব্যবস্থার মতো হয়ে যাচ্ছে কি না, তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এ ধরনের পরিস্থিতি ঠেকাতে রেলওয়ে মন্ত্রণালয় বা অধিদপ্তরের প্রযুক্তিগতভাবে সক্ষম জনবল দিয়ে অভ্যন্তরীণ নজরদারি ব্যবস্থা চালুর প্রয়োজন রয়েছে।
অডিটে আরও দেখা গেছে, বিভিন্ন স্টেশনের প্রায় ১৬৯টি প্রশাসনিক হিসাব পরিচালনা করছেন সহজ ডট কমের কর্মীরা। অথচ রেলের সঙ্গে চুক্তি অনুযায়ী এসব কাজে তাদের যুক্ত থাকার কথা ছিল না।
এসব বিষয়ে জানতে সহজ ডট কমের কার্যালয়ে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্নেল অবসরপ্রাপ্ত আমিনুল হক কোনো মন্তব্য করতে রাজি হননি। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। বার্তা পাঠানো হলেও তার কোনো উত্তর পাওয়া যায়নি।
সূত্র: ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন