সারাবিশ্ব
১৭ হাজার ফুট উঁচুতে বজ্রপাত ও শিলাবৃষ্টি, অল্পের জন্য রক্ষা যাত্রীবাহী বিমান
ভারতের পাটনা থেকে লখনৌ যাওয়ার পথে বজ্রপাত ও শিলাবৃষ্টির কবলে পড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইনডিগো এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমান। প্রায় ১৭ হাজার ফুট উঁচুতে প্রতিকূল আবহাওয়ার মধ্যে পড়া বিমানটি শেষ পর্যন্ত নিরাপদে জরুরি অবতরণ করেছে। এতে থাকা ১০৪ যাত্রী ও ছয়জন ক্রু সদস্যের সবাই অক্ষত রয়েছেন।
বুধবার ৭ অক্টোবর পাটনা থেকে লখনৌ যাওয়ার পথে এ ঘটনা ঘটে। ইনডিগোর ৬ই ৬২৫ নম্বর ফ্লাইটটি অবতরণের সময় প্রবল শিলাবৃষ্টির কবলে পড়ে। এতে বিমানের সামনের রাডোম অংশ ক্ষতিগ্রস্ত হয়ে সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
তবে পরিস্থিতি সামলে নির্ধারিত সময়ের আট মিনিট আগেই লখনৌয়ের চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে বিমানটি। পরে সব যাত্রীকে নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়।
ইনডিগোর এক মুখপাত্র জানান, অবতরণের সময় প্রতিকূল আবহাওয়ার কারণে বিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজ শেষ এবং সরকারি ছাড়পত্র পাওয়ার পরই বিমানটি আবার চলাচল করতে পারবে।
ঘটনার পর ভারতের বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর তদন্ত শুরু করেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এবং নিয়ামক সংস্থার ছাড়পত্র না পাওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত বিমানটি আকাশে উড়তে পারবে না।
এর আগে গত মাসেও ইনডিগোর আরেকটি বিমান বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছিল। গুয়াহাটি থেকে বেঙ্গালুরুর উদ্দেশে যাওয়া এ৩২১নিও উড়োজাহাজটি কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় লেজ রানওয়েতে আঘাতের ঘটনায় পড়ে।
এয়ারলাইনস কর্তৃপক্ষ জানায়, অবতরণের সময় প্রবল বাতাসের কারণে বিমানটি অস্বাভাবিকভাবে রানওয়ে স্পর্শ করেছিল। ঘটনার পর বিমানটি উড্ডয়ন থেকে বিরত রাখা হয় এবং পরবর্তী পরিদর্শন ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।