আইন আদালত
ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের পক্ষে লড়তে ব্রিটিশ আইনজীবীর আবেদন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের পক্ষে গুমের মামলায় লড়তে আবেদন করেছেন ব্রিটিশ আইনজীবী স্টিভেন কে সি। মঙ্গলবার সকালে বার কাউন্সিলে তার আবেদন জমা দেওয়া হয়।
শতাধিক গুম ও হত্যার অভিযোগে জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা চলছে। এই মামলায় আজ ১৫তম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এ রাষ্ট্রপক্ষের সর্বশেষ সাক্ষী ও মামলার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম সাক্ষ্য দিচ্ছেন।
গত ৩০ সেপ্টেম্বর মামলার ১৫তম সাক্ষী হিসেবে রফিকুল ইসলামের সাক্ষ্যগ্রহণ শুরু হয়। তদন্তের সময় সংগৃহীত বিভিন্ন তথ্য, উপাত্ত ও আলামতের বিস্তারিত তিনি ট্রাইব্যুনালের সামনে তুলে ধরবেন।
রাষ্ট্রপক্ষের দাবি, ১৫ জন সাক্ষীর সাক্ষ্যের মাধ্যমে জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে। তদন্ত কর্মকর্তার জবানবন্দি ও জেরা শেষ হওয়ার পর আসামিপক্ষ সাফাই সাক্ষ্য দেওয়ার সুযোগ পাবে। এরপর মামলায় যুক্তিতর্ক শুরু হবে।
জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মামলায় মোট তিনটি অভিযোগ রয়েছে। এর মধ্যে ২০১১ সালে গাজীপুরের পুবাইলে সজলসহ তিনজনকে হত্যা এবং ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটায় নজরুল, মল্লিকসহ ৫০ জনকে হত্যার অভিযোগ রয়েছে।