আইন আদালত

রাত ১১টার মধ্যে বার ও মদের দোকান বন্ধের নির্দেশনা চেয়ে রিট


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পিএম

রাত ১১টার মধ্যে বার ও মদের দোকান বন্ধের নির্দেশনা চেয়ে রিট
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশান, বনানী ও উত্তরাসহ দেশের বিভিন্ন স্থানে বার ও মদ পরিবেশনকারী প্রতিষ্ঠান রাত ১১টার মধ্যে বন্ধের ব্যবস্থা নিতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) অ্যাডভোকেট এস এম জুলফিকুর আলী জুনু এই রিট আবেদন দাখিল করেন।

রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, সুরক্ষা সেবা বিভাগের সচিব, পুলিশের মহাপরিদর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, সংশ্লিষ্ট বিশেষায়িত পুলিশ ইউনিটের মহাপরিচালক, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং ঢাকা কাস্টম হাউসের কমিশনারকে বিবাদী করা হয়েছে।

রিটে বলা হয়েছে, যেসব বার বা মদ পরিবেশনকারী প্রতিষ্ঠানের বৈধ লাইসেন্স, সরকারি প্রজ্ঞাপন, আদেশ, বিধি কিংবা অন্য কোনো আইনগত দলিলে বন্ধের নির্দিষ্ট সময় উল্লেখ রয়েছে, তা কঠোরভাবে এবং অভিন্ন পদ্ধতিতে বাস্তবায়ন করতে হবে।

এ ছাড়া দেশে সব বারের জন্য অভিন্ন জাতীয় বন্ধের সময় নির্ধারিত না থাকলে রাত ১১টার মধ্যে বার বন্ধ ও মদ পরিবেশন বন্ধে একটি অভিন্ন নীতি চালু করা যায় কি না, তা পরীক্ষা ও বিবেচনা করে আইন অনুযায়ী সিদ্ধান্ত নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে।