সারাবিশ্ব
সৌদির দুই বিমানবন্দরে হুথিদের হামলা, নিহত ৩
সৌদি আরবের দুটি আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় ৩ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন। দেশটির আসির প্রদেশের আবহা আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এসব হামলার ঘটনা ঘটে।
সৌদি সাধারণ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে হতাহত হওয়ার তথ্য জানিয়েছে।
কর্তৃপক্ষ জানায়, আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় মরক্কো ও আলজেরিয়ার দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২৮ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
অন্যদিকে, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় সুদানের এক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।
সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। একই সঙ্গে বিমানবন্দর দুটির নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
হামলার দায় এখনো সৌদি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। তবে ইয়েমেনের হুথি সামরিক বাহিনী পরে দুটি বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে। যদিও তাদের এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে, সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালকি জানিয়েছেন, রিয়াদের উত্তরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। একই সঙ্গে সৌদি রাজধানীতে হামলা চালাতে ব্যবহৃত ইয়েমেনের রাজধানী সানার একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থল ধ্বংস করা হয়েছে।
সূত্র, সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম।