রাজনীতি

ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন নেতৃত্ব নিয়ে আলোচনা


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১১:৩১ এএম

ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন নেতৃত্ব নিয়ে আলোচনা
ছবি: সংগৃহীত

মেয়াদোত্তীর্ণ ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত হওয়ার পর নতুন নেতৃত্ব নিয়ে সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে শুরু হয়েছে আলোচনা ও হিসাব নিকাশ। কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে যেকোনো সময় নতুন পূর্ণাঙ্গ বা আংশিক কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। এরই মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেতে সম্ভাব্য নেতারা তৎপরতা শুরু করেছেন।

গত ৩০ সেপ্টেম্বর ঢাকা মহানগর উত্তর যুবদলের বিদ্যমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর থেকেই নতুন কমিটিতে কারা নেতৃত্বে আসছেন, তা নিয়ে নেতাকর্মীদের মধ্যে চলছে নানা জল্পনা কল্পনা।

দলীয় সূত্রে জানা গেছে, নতুন কমিটি গঠনের ক্ষেত্রে দীর্ঘদিনের রাজনৈতিক ভূমিকা, সাংগঠনিক দক্ষতা, তৃণমূলের সঙ্গে যোগাযোগ এবং আন্দোলন সংগ্রামে সক্রিয় থাকার বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে বিতর্কিত কর্মকাণ্ড, চাঁদাবাজি কিংবা দখলদারত্বের অভিযোগ নেই, এমন নেতাদের অগ্রাধিকার দেওয়ার বিষয়েও আলোচনা চলছে।

সভাপতি পদে সদ্য বিলুপ্ত কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান রাজ ও আবুল হাসান টিটুর নাম সম্ভাব্য সভাপতি হিসেবে আলোচনায় রয়েছে।

সাধারণ সম্পাদক পদে মো. জুলহাস আহমেদ ও একরামুল হাসান ইকরামের নাম আলোচনায় এসেছে।

নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নতুন কমিটিতে সদ্য বিলুপ্ত কমিটির নেতাদের পাশাপাশি ছাত্রদলের সাবেক নেতাদেরও বিবেচনায় রাখা হচ্ছে। বিশেষ করে বিগত সরকারবিরোধী আন্দোলনে মাঠে সক্রিয় থাকা, মামলা হামলা ও হয়রানির মধ্যেও সংগঠনের সঙ্গে থাকা এবং তৃণমূলের নেতাকর্মীদের পাশে থাকার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।

তবে এখনো কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে নতুন কমিটির কোনো আনুষ্ঠানিক তালিকা প্রকাশ করা হয়নি। ফলে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে শেষ পর্যন্ত কারা দায়িত্ব পাচ্ছেন, তা নির্ভর করছে কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের ওপর।