সারাবিশ্ব
কাতার, বাহরাইন, সৌদি ও আমিরাতে ইরানের হামলা
ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলার পাল্টা জবাব হিসেবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান।
সোমবার (৯ মার্চ) পর্যন্ত টানা দশম দিনে গড়িয়েছে এই সংঘাত। এতে ইরানে এখন পর্যন্ত নিহতের সংখ্যা এক হাজার ২০০ ছাড়িয়েছে এবং আহত হয়েছেন শত শত মানুষ।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি বাহিনী নতুন করে কাতার, বাহরাইন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, প্রায় চার ঘণ্টা আগে কাতারের দিকে কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। তবে কাতার দাবি করেছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা এসব মিসাইল ভূপাতিত করেছে। আল জাজিরার সাংবাদিকরা জানিয়েছেন, দোহার আকাশে অন্তত ১২টি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
অন্যদিকে বাহরাইন জানিয়েছে, সিত্রা এলাকায় ইরানি ড্রোন হামলায় অন্তত ৩২ জন আহত হয়েছেন।
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শেবাহ তেলক্ষেত্র লক্ষ্য করে কয়েকটি ড্রোন হামলা চালানো হয়েছিল। তবে সৌদি প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো ভূপাতিত করেছে এবং তেলক্ষেত্রটি খালি থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এছাড়া রাজধানী রিয়াদের উত্তরে আরও দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলেও জানানো হয়েছে।
এ ঘটনায় সৌদি আরব ইরানকে সতর্ক করে বলেছে, হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রকে আক্রমণের জন্য তাদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হতে পারে।
এদিকে সংযুক্ত আরব আমিরাতও হামলার মুখে পড়েছে। দেশটির দাবি, তারা একটি প্রজেক্টাইল ভূপাতিত করলেও তার ধ্বংসাবশেষ ফুজাইরাহ এলাকায় পড়ে বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে।
সূত্র: আল জাজিরা