সারাবিশ্ব
হরমুজ প্রণালিতে অভিযানে অংশ নেবে না ফ্রান্স: ম্যাক্রোঁ
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালি ঘিরে কোনো সামরিক অভিযানে অংশ না নেওয়ার কথা স্পষ্টভাবে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলেন, বর্তমান সংঘাত পরিস্থিতিতে ফ্রান্স কোনো পক্ষের সঙ্গে সামরিকভাবে যুক্ত হবে না।
মঙ্গলবার (১৭ মার্চ) ফ্রান্সের মন্ত্রিসভার বৈঠকের শুরুতে এ মন্তব্য করেন তিনি। ম্যাক্রোঁ জানান, ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে হরমুজ প্রণালি সচল করার জন্য কোনো অভিযানে ফ্রান্স অংশ নেবে না।
তবে তিনি উল্লেখ করেন, যুদ্ধ শেষ হলে নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে একটি আন্তর্জাতিক জোট গঠনের উদ্যোগ নিচ্ছে প্যারিস। পরিস্থিতি স্বাভাবিক হলে অন্যান্য দেশের সঙ্গে সমন্বয় করে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে ফ্রান্স প্রস্তুত থাকবে বলেও জানান তিনি।
ম্যাক্রোঁ বলেন, বর্তমান অবস্থায় ফ্রান্স নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে চায় এবং কোনো সামরিক উদ্যোগে জড়াবে না।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি সচল করার বিষয়ে মিত্রদের রাজি করানোর ক্ষেত্রে ম্যাক্রোঁর অবস্থান নিয়ে ইতিবাচক মন্তব্য করেছিলেন এবং আশা প্রকাশ করেছিলেন যে ফ্রান্স শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন প্রচেষ্টায় যুক্ত হবে।
তবে ফ্রান্সের সর্বশেষ অবস্থান থেকে স্পষ্ট হয়েছে, অন্তত বর্তমান পরিস্থিতিতে দেশটি কোনো সামরিক অভিযানে অংশ নিচ্ছে না। ফরাসি কর্মকর্তারাও জানিয়েছেন, নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল হলে যুক্তরাষ্ট্রের বাইরে একটি আন্তর্জাতিক উদ্যোগের মাধ্যমে প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।
সূত্র: আল জাজিরা, রয়টার্স।