সারাবিশ্ব
৬.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান
জাপানের বৃহত্তম দ্বীপে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে, যার মাত্রা ছিল ৬ দশমিক ২। জাপান-এর পূর্ব উপকূলসংলগ্ন হনশু দ্বীপে বৃহস্পতিবার রাতে এ কম্পন আঘাত হানে বলে জানিয়েছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস।
সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে, যা তুলনামূলকভাবে অগভীর হওয়ায় কম্পন তীব্রভাবে অনুভূত হয়।
এর আগের দিন বুধবার একই অঞ্চলে ৪ দশমিক ২ মাত্রার একটি মৃদু ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল, যার কেন্দ্রস্থল ছিল প্রায় ২০ কিলোমিটার গভীরে। তবে সর্বশেষ শক্তিশালী কম্পনের পর এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বিশেষজ্ঞরা মনে করিয়ে দিয়েছেন, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রিং অব ফায়ার-এ অবস্থান করার কারণে জাপান ভূমিকম্পপ্রবণ একটি দেশ। এই অঞ্চলে প্যাসিফিক প্লেট এবং ফিলিপাইন সি প্লেট-এর সংযোগস্থলে নিয়মিত ভূকম্পন সৃষ্টি হয়ে থাকে, যা দেশটির জন্য একটি স্থায়ী প্রাকৃতিক ঝুঁকি তৈরি করে।