সারাবিশ্ব
যুদ্ধ করে যা নিতে পারেনি, আলোচনায় তা চেয়েছে যুক্তরাষ্ট্র: ইরান
ইসলামাবাদে টানা ২১ ঘণ্টা চলা উচ্চপর্যায়ের আলোচনার পরও কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইরান। চরম উত্তেজনা কমানোর উদ্দেশ্যে বসা এই বৈঠক শেষ পর্যন্ত সমঝোতা ছাড়াই শেষ হয়, ফলে দুই দেশের প্রতিনিধিরা নিজ নিজ দেশে ফিরে যাচ্ছেন।
আলোচনা ব্যর্থ হওয়ার পর ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না এলেও দেশটির সংবাদমাধ্যম ফার্স নিউজ এক প্রতিবেদনে ব্যর্থতার কারণ তুলে ধরেছে।
প্রতিবেদনে ইরানি প্রতিনিধি দলের একটি সূত্রের বরাতে বলা হয়, মূল বিরোধ তৈরি হয় ইরানের পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালি সংক্রান্ত ইস্যুতে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এসব বিষয়ে কঠোর শর্ত আরোপ করায় আলোচনা এগোয়নি বলে দাবি করা হয়।
ইরানি সূত্রের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র এমন কিছু দাবি তোলে যা তারা ‘অযৌক্তিক ও অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষী’ হিসেবে বিবেচনা করে। তাদের অভিযোগ, “যা তারা যুদ্ধক্ষেত্রে অর্জন করতে পারেনি, তা আলোচনার মাধ্যমে আদায়ের চেষ্টা করা হয়েছে।”
উল্লেখ্য, ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরেই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা চলছে। চলতি বছরের ৬ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত টানা সংলাপ চললেও কোনো সমাধান আসেনি।
এরপর ২৮ ফেব্রুয়ারি থেকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে, যখন সামরিক অভিযানের মাধ্যমে নতুন করে সংঘাত শুরু হয়। পরে কূটনৈতিক উদ্যোগে গত ৭ এপ্রিল দুই পক্ষের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা আসে।
সেই ধারাবাহিকতায় ১১ এপ্রিল আবারও আলোচনায় বসে দুই পক্ষ। তবে দীর্ঘ সময় ধরে চলা বৈঠকেও কোনো সমঝোতা না হওয়ায় সংকট সমাধান অনিশ্চিতই থেকে গেছে।