সারাবিশ্ব

ইরানের ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৯:২৩ এএম

ইরানের ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে আবারও কঠোর অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির তথাকথিত ‘ছায়া ব্যাংকিং’ ব্যবস্থার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩৫ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন অর্থ বিভাগ।

মার্কিন প্রশাসনের দাবি, এই নেটওয়ার্ক দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে বিপুল অঙ্কের অর্থ লেনদেন করে আসছিল। এসব অর্থ ইরানের সামরিক কার্যক্রম এবং আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোর তৎপরতায় ব্যবহৃত হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে জানান, নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো কৌশলে বৈশ্বিক আর্থিক বিধিনিষেধ পাশ কাটিয়ে তেহরানের জন্য অর্থের জোগান নিশ্চিত করছিল। তার মতে, এই ছায়া আর্থিক কাঠামো ইরানের আঞ্চলিক প্রভাব বিস্তার এবং অস্থিতিশীলতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ওয়াশিংটনের ধারণা, নতুন এই পদক্ষেপের মাধ্যমে ইরানের অর্থনৈতিক সক্ষমতা দুর্বল করা সম্ভব হবে। বিশেষ করে চলমান মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে দেশটির সামরিক কার্যক্রম সীমিত করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

এই নিষেধাজ্ঞা এমন এক সময়ে কার্যকর হলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি আলোচনা অচলাবস্থায় রয়েছে। একদিকে তেহরান বিভিন্ন সমাধান প্রস্তাব দিচ্ছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি অব্যাহত রেখেছে।

বিশ্লেষকদের মতে, আলোচনায় ইরানকে ছাড় দিতে বাধ্য করতেই ওয়াশিংটন এ ধরনের অর্থনৈতিক চাপ বাড়াচ্ছে। যদিও ইরান ইতোমধ্যে প্রতিক্রিয়ায় জানিয়েছে, এসব নিষেধাজ্ঞা তাদের নীতিতে কোনো পরিবর্তন আনবে না।

বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি আরও জটিল হয়ে উঠেছে। হরমুজ প্রণালিতে উত্তেজনা, জাহাজ জব্দের ঘটনা এবং কূটনৈতিক টানাপোড়েন পরিস্থিতিকে আরও অস্থির করে তুলছে।

নতুন নিষেধাজ্ঞার ফলে ইরানের তেল রপ্তানি ও বৈদেশিক বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, তেহরানের আচরণে মৌলিক পরিবর্তন না আসা পর্যন্ত এ ধরনের চাপ অব্যাহত থাকবে।

সূত্র: আল জাজিরা