সারাবিশ্ব
আড়ালে থেকেও ইরানের যুদ্ধ-কৌশল নির্ধারণে সক্রিয় মোজতবা খামেনি: মার্কিন গোয়েন্দা সংস্থা
আহত হওয়ার পর দীর্ঘদিন জনসমক্ষে না এলেও মোজতবা খামেনি এখনও ইরান-এর যুদ্ধ ও কূটনৈতিক কৌশল নির্ধারণে প্রভাব রাখছেন বলে ধারণা করছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক এক গোয়েন্দা মূল্যায়নে ইরানের বর্তমান নেতৃত্ব কাঠামোকে আংশিক বিভক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনা এবং যুদ্ধ-পরবর্তী নীতিনির্ধারণে মোজতবা খামেনির সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া গেছে।
মার্কিন ও ইসরাইল-এর যৌথ হামলার শুরুর দিকে এক হামলায় নিহত হন ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনি এবং দেশটির কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা। একই হামলায় গুরুতর আহত হন মোজতবা খামেনিও।
পরবর্তীতে তাকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হলেও এরপর থেকে তিনি আর প্রকাশ্যে আসেননি। মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের দাবি, নিরাপত্তাজনিত কারণে তিনি কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করছেন না। যোগাযোগের ক্ষেত্রে সরাসরি সাক্ষাৎ কিংবা কুরিয়ারের মাধ্যমে বার্তা আদান-প্রদান করা হচ্ছে।
ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়ের প্রোটোকল প্রধান মাজাহের হোসেইনি শুক্রবার জানান, মোজতবা খামেনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তার পা, কোমরের নিচের অংশ এবং কানের পেছনে আঘাত লাগলেও এখন অবস্থার উন্নতি হচ্ছে বলে দাবি করেন তিনি।
অন্যদিকে মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, চলতি সপ্তাহে তিনি মোজতবা খামেনির সঙ্গে প্রায় আড়াই ঘণ্টার বৈঠক করেছেন। যুদ্ধ শুরুর পর ইরানের কোনো শীর্ষ নেতার সঙ্গে এটিই তার প্রথম প্রকাশ্য বৈঠকের তথ্য।
তবে মার্কিন গোয়েন্দা সূত্রের একটি অংশ মনে করছে, মোজতবা খামেনি এখনো পুরোপুরি সক্রিয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ফিরতে পারেননি। তাদের মতে, বর্তমানে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর-এর শীর্ষ কর্মকর্তারা এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাঘের রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনায় বেশি সক্রিয় ভূমিকা পালন করছেন।
এদিকে সংঘাতের কূটনৈতিক সমাধানে এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছে, সামরিক অবকাঠামোর ক্ষতি হলেও ইরান এখনো কয়েক মাস পর্যন্ত মার্কিন অবরোধ মোকাবিলার সক্ষমতা ধরে রেখেছে।