সারাবিশ্ব
চিকিৎসার জন্য জামিন পেলেন ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মদী
ইরানের নোবেলজয়ী মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদীকে জামিনে মুক্তি দিয়েছে আদালত। শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের কারণে তাঁকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
গতকাল রবিবার (১১ মে) তাঁর পরিবার এ তথ্য নিশ্চিত করে।
বছরের শুরুতে দুবার হৃদরোগ আক্রান্ত হওয়ার পর কারাগারে তাঁর প্রাণহানির আশঙ্কা জানান ভক্তরা। নার্গিস মোহাম্মদী ফাউন্ডেশন জানিয়েছে, আদালতে পরিবারের আবেদনের প্রেক্ষিতে, তেহরান পার্স হাসপাতালে মেডিকেল টিমের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন তিনি।
নারী নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার অবস্থানের জন্য ২০২৩ সালে ৫৪ বছর বয়সী মোহাম্মদীকে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়।
তাঁর আইনজীবী জানান, কারাগারে প্রায় ২০ কেজি ওজন কমেছে নার্গিস মোহাম্মদীর। শারীরিক অবস্থার অবনতির ফলে কথা বলতেও অসুবিধা হচ্ছে তাঁর।