সারাবিশ্ব

ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হলেন সেরহি কোরেৎসকি


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৮:০৩ পিএম

ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হলেন সেরহি কোরেৎসকি
ছবি: সংগৃহীত

ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির জ্বালানি খাতের শীর্ষ কর্মকর্তা সেরহি কোরেৎসকি। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ঘোষিত মন্ত্রিসভা পুনর্বিন্যাসের অংশ হিসেবে তিনি ইউলিয়া সিভিরিদেঙ্কোর স্থলাভিষিক্ত হয়েছেন। ইতোমধ্যে তার নিয়োগ অনুমোদন দিয়েছে ইউক্রেনের পার্লামেন্ট।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় কোরেৎসকি জানান, তার প্রধান অগ্রাধিকার হবে দেশের প্রতিরক্ষা বাহিনীকে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করা এবং প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা দ্রুত বাড়ানো।

তিনি বলেন, রুশ হামলায় প্রতিদিন ক্ষতিগ্রস্ত সম্মুখসারির জনপদগুলোর পুনর্গঠনেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ অর্জনের লক্ষ্য অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এর আগে সেরহি কোরেৎসকি রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান নাফতোগাজের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত শীতে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ব্যাপক ক্ষতির মুখে পড়ে, যার ফলে দেশজুড়ে বিদ্যুৎ ও তাপ সরবরাহে বড় ধরনের সংকট তৈরি হয়। সেই কঠিন সময়ে প্রতিষ্ঠানটির নেতৃত্বে ছিলেন তিনি।

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে যোগ দেওয়ার আগে তিনি বেসরকারি জ্বালানি খাতেও কাজ করেছেন। তিনি ডব্লিউওজি পেট্রোল স্টেশন নেটওয়ার্কের নেতৃত্ব দিয়েছেন এবং ‘আইডিয়ালিস্ট কফি কোম্পানি’ নামে একটি কফি চেইন প্রতিষ্ঠা করেছেন। এছাড়া ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিনি ইউক্রেনাফতা ও ইউক্রতাতনাফতার প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।