সারাবিশ্ব

ভারতে চারতলা ভবন ধসে নিহত ৫


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৯:৪৬ এএম

ভারতে চারতলা ভবন ধসে নিহত ৫
ছবিঃ সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রের থানে জেলার ভিওয়ান্ডিতে চারতলা একটি ভবন ধসে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ভবনটিতে মেরামতের কাজ চলাকালেই এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভিওয়ান্ডির বালাজি নগর এলাকার কোহিনুর ভবনের একটি অংশ হঠাৎ ধসে পড়ে।

কর্মকর্তারা জানান, ভবনটিতে মোট ৪৮টি কক্ষ ছিল, প্রতি তলায় ১২টি করে। এর আগে পৌর কর্তৃপক্ষ ভবনটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছিল।

স্থানীয়দের ভাষ্য, বৃহস্পতিবার রাত ৯টার দিকে ভবন থেকে বিকট শব্দ শোনা গেলে আশঙ্কায় অনেক বাসিন্দাকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। তবে কিছু বাসিন্দা তখনও ভবন থেকে বের হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় ভবনের ‘বি’ উইং হঠাৎ ধসে পড়ে।

ঘটনার পরপরই জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), থানে ডিজাস্টার রেসপন্স ফোর্স এবং স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন।

উদ্ধারকাজে প্রশিক্ষিত অনুসন্ধানী কুকুর, চারটি ফায়ার ইঞ্জিন, দুটি অ্যাম্বুলেন্স এবং ভারী খননযন্ত্র ব্যবহার করা হচ্ছে। কর্মকর্তাদের আশঙ্কা, ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।