জাতীয়

জাতীয়তাবাদী শক্তি ক্ষমতায় থাকলে হিন্দু সম্প্রদায় ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালন করে: তথ্যমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০১:৩৭ পিএম

জাতীয়তাবাদী শক্তি ক্ষমতায় থাকলে হিন্দু সম্প্রদায় ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালন করে: তথ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

ভোলায় শারদীয় দুর্গোৎসবের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, জাতীয়তাবাদী শক্তি যখনই ক্ষমতায় এসেছে, তখনই বাংলাদেশের মানুষ তাদের ধর্মীয় মূল্যবোধ যথাযথভাবে পালনের সুযোগ পেয়েছে। হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব এর বাস্তব প্রমাণ বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, জাতীয়তাবাদী শক্তি ক্ষমতায় থাকলে বাংলাদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিষ্টান-সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় মূল্যবোধ ও আচার-অনুষ্ঠান যথাযথভাবে পালন করতে পারবেন।

মন্ত্রী বলেন, নির্বাচনের আগেও তাঁরা এ কথা বলেছেন এবং এখনো একই অবস্থানে রয়েছেন। বাংলাদেশে সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা এবং নিজ নিজ ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালনের পরিবেশ বজায় রাখা গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করায় বাংলাদেশ পুলিশ ও ভোলা জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নিয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা ছাড়াই সনাতন ধর্মাবলম্বীরা তাঁদের উৎসব পালন করতে পেরেছেন।

গত বুধবার রাতে ভোলায় হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে মন্ত্রী বলেন, তাঁরা যখনই প্রয়োজন মনে করবেন, তাঁকে পাশে পাবেন। যেকোনো ধরনের সহযোগিতার প্রয়োজনে তিনি নির্বাচনের আগেও তাঁদের পাশে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন বলে আশ্বাস দেন। তিনি বলেন, “আপনারা ভালো থাকলেই আমাদের ভালো থাকা।” একই সঙ্গে সবার সম্মিলিত অংশগ্রহণে শারদীয় দুর্গোৎসব সফল, সুন্দর ও আনন্দময় হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ভোলায় পূজামণ্ডপ পরিদর্শনের অংশ হিসেবে আন্দালিব রহমান পার্থ বিকাশ মজুমদারের বাড়ির পূজামণ্ডপ, অনুজকাহালী লেনের পূজামণ্ডপ, মদনমোহন মন্দির, ওয়েস্টার্ন পাড়ার শতদল বিকাশ ক্লাবসংলগ্ন পূজামণ্ডপ, মিহিরলাল সাহার বাড়ির পূজামণ্ডপ, লক্ষ্মীগোবিন্দ মন্দির, বাপ্পা মহাজনের পোল পূজামণ্ডপ, বাপ্তা শক্তি সংঘ পূজামণ্ডপ এবং সার্কুলার রোডের পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় ভোলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। পূজামণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে ধর্মীয় উৎসবের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী।