সারাদেশ

দেড় মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ২৫ বার ‘স্যার’, আলোচনায় ইউএনও তানজিলা


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পিএম

দেড় মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ২৫ বার ‘স্যার’, আলোচনায় ইউএনও তানজিলা
ছবি: সংগৃহীত

দেড় মিনিটের বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে ২৫ বার ‘স্যার’ সম্বোধন করে আলোচনায় এসেছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিম। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে তাঁর বক্তব্যের এই বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

বুধবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজারহাট উপজেলার বৈদ্যের বাজার হরিসভা সংস্কৃতি দুর্গামন্দির প্রাঙ্গণে অসচ্ছল হরিজন, রবিদাস ও বেদে সম্প্রদায়ের মানুষের মধ্যে শাড়ি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। অনুষ্ঠানে শতাধিক শাড়ি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ইউএনও তানজিলা তাসনিম রাজারহাট উপজেলায় একটি সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, সরকার কারিগরি শিক্ষার প্রসারে গুরুত্ব দিচ্ছে। ভূমিসংক্রান্ত বিভিন্ন কাজে দক্ষ জনবলের চাহিদা রয়েছে। এ পরিস্থিতিতে রাজারহাটে একটি সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠা করা হলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি উত্তরাঞ্চলের অন্যান্য এলাকার মানুষও উপকৃত হবেন। এ বিষয়ে যথাসময়ে মন্ত্রিসভায় প্রস্তাব উত্থাপনের জন্য মন্ত্রীর প্রতি অনুরোধ জানান তিনি।

বক্তব্যে রাজারহাটে প্রশাসনিক ভবন উদ্বোধন এবং হরিজন সম্প্রদায়ের মানুষের জন্য উপহার দেওয়ায় মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইউএনও। পাশাপাশি ভিজিএফের চাল বস্তাবন্দি করার উদ্যোগেরও প্রশংসা করেন তিনি। তানজিলা তাসনিমের ভাষ্য অনুযায়ী, আগে চালের বস্তা ওঠানো-নামানোর ক্ষেত্রে বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হতো। নতুন উদ্যোগের ফলে এসব সমস্যা কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ ছাড়া সরকারি চাকরিজীবীদের পক্ষ থেকে নবম পে-স্কেল নিয়েও মন্ত্রীকে ধন্যবাদ জানান ইউএনও। তাঁর মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবীদের কর্মস্পৃহা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

তবে বক্তব্যের বিভিন্ন বিষয় তুলে ধরার পাশাপাশি পুরো বক্তব্যে মন্ত্রীকে বারবার ‘স্যার’ সম্বোধন করার বিষয়টিই বিশেষভাবে নজর কেড়েছে। মাত্র দেড় মিনিটের বক্তব্যে ২৫ বার এই সম্বোধন ব্যবহারের বিষয়টি সামনে আসার পর ইউএনও তানজিলা তাসনিমকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।