সারাদেশ

পূজামণ্ডপে গান গেয়ে ‘ভাইরাল’ সেই এএসআই ক্লোজড


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পিএম

পূজামণ্ডপে গান গেয়ে ‘ভাইরাল’ সেই এএসআই ক্লোজড
ছবি: সংগৃহীত

সিলেট নগরীর একটি পূজামণ্ডপে পুলিশের পোশাক পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করায় জালালাবাদ থানার সহকারী উপপরিদর্শক উদয়ন ফারুককে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনারের সই করা এক আদেশে তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। উদয়ন ফারুক সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানায় কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১৯ অক্টোবর) রাতে সিলেট নগরীর ৮ নম্বর ওয়ার্ডের আখালিয়া নতুনবাজার এলাকার ব্রাহ্মণশাসন সর্বজনীন পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে ছিলেন উদয়ন ফারুক। এ সময় পূজা উদযাপন পরিষদের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্ব ছেড়ে পুলিশের পোশাক পরেই গান পরিবেশন করেন তিনি।

তার গান গাওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। এরপর তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) সাইফুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। পরে এএসআই উদয়ন ফারুককে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

তিনি আরও বলেন, ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য জালালাবাদ থানার সহকারী কমিশনারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।