সারাদেশ

কুমিল্লায় কর্ণফুলী এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত, আহত বহু যাত্রী


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৩:২২ পিএম

কুমিল্লায় কর্ণফুলী এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত, আহত বহু যাত্রী
ছবি: সংগৃহীত

কুমিল্লার নাঙ্গলকোটে চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নাঙ্গলকোটের নাওটি রেলওয়ে স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনের একাধিক যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর ঢাকা অভিমুখী রেললাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আকস্মিক এ ঘটনায় ট্রেনে থাকা কয়েকশ যাত্রীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ট্রেনের যাত্রীদের ভাষ্য অনুযায়ী, দুপুর ১২টা ২০ মিনিটের পর ট্রেনটি নাঙ্গলকোট স্টেশন ছেড়ে যায়। তাঁদের দাবি, ওই দিন ট্রেনটির গতি অন্যান্য দিনের তুলনায় বেশি ছিল। নাওটি স্টেশন পার হওয়ার পরপরই ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়। এ সময় বিকট শব্দে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। হঠাৎ ঝাঁকুনিতে অনেকে একে অপরের ওপর পড়ে যান। কেউ মাথায় আঘাত পান, আবার কারও হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। কয়েকজনের মাথা ফেটে যাওয়ার খবরও পাওয়া গেছে। দুর্ঘটনার পর তাড়াহুড়ো করে ট্রেন থেকে নামতে গিয়ে আরও কয়েকজন আহত হন।

ট্রেনের যাত্রী নাহিদা আক্তার জানান, চলন্ত অবস্থায় হঠাৎ বিকট শব্দ শুনতে পান তাঁরা। এরপর যাত্রীরা একে অপরের ওপর কাত হয়ে পড়তে থাকেন। এ সময় কয়েকজন পদদলিত হন বলেও তিনি জানান। পরে প্রাণ বাঁচাতে দ্রুত ট্রেন থেকে নেমে আসেন তাঁরা। বাইরে এসে ট্রেনের বগি থেকে ধোঁয়া বের হতে দেখেন বলে জানান নাহিদা।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি নাঙ্গলকোটের ওই এলাকায় পৌঁছালে তিনটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনার পর ঢাকা অভিমুখী লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার কারণ এবং ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের প্রক্রিয়া চলছে।

নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জামাল হোসেন বলেন, ট্রেন লাইনচ্যুত হওয়ার খবর তিনি পেয়েছেন। তবে হতাহত ব্যক্তিদের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানাতে পারেননি। দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী ট্রেন পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

এদিকে, ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত হওয়ায় রেলপথে স্বাভাবিক চলাচল ব্যাহত হয়েছে। উদ্ধারকাজ শেষ করে ক্ষতিগ্রস্ত বগিগুলো সরানো এবং রেললাইন চলাচলের উপযোগী করার পর ট্রেন চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হবে। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ, আহত যাত্রীর সংখ্যা এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ বিবরণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।