সারাদেশ

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬০ বছর বয়সী নারীর স্বর্ণের চেইন ছিনতাই


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১২:৪৯ পিএম

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬০ বছর বয়সী নারীর স্বর্ণের চেইন ছিনতাই
ছবি: সংগৃহীত

ভোলার বোরহানউদ্দিনে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে এক নারীর গলা থেকে এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুই অজ্ঞাতপরিচয় যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কুতুবা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাওয়ার প্ল্যান্ট সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে।

ভুক্তভোগী পুলমা রানী দে (৬০) বোরহানউদ্দিন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কলেজ মাঠসংলগ্ন এলাকার বাসিন্দা। ঘটনার সময় তিনি স্বামীর সঙ্গে বাড়ি ফিরছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় পুলমা রানী দে ও তাঁর স্বামী পাওয়ার প্ল্যান্ট সড়কে অবস্থিত অনির বাবাজির মন্দিরে কবিগান শুনতে যান। অনুষ্ঠান শেষে তাঁরা হেঁটে বাড়ি ফিরছিলেন। পথে মোটরসাইকেলে থাকা দুই অজ্ঞাতপরিচয় যুবক তাঁদের অনুসরণ করতে থাকেন। একপর্যায়ে কুতুবা জামে মসজিদসংলগ্ন পাওয়ার প্ল্যান্ট সড়কের একটি নির্জন স্থানে পৌঁছালে ওই দুই যুবক তাঁদের পথরোধ করেন।

অভিযোগ অনুযায়ী, পথরোধ করার পর যুবকরা ফ্যামিলি কার্ড দেওয়ার বিষয়ে নানা কথা বলতে থাকেন। একপর্যায়ে কথাবার্তার সুযোগ নিয়ে তাঁদের একজন পুলমা রানী দের গলায় থাকা স্বর্ণের চেইন টান দিয়ে ছিনিয়ে নেন। এরপর দুজনই দ্রুত মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ছিনিয়ে নেওয়া চেইনটির ওজন প্রায় এক ভরি বলে জানিয়েছেন ভুক্তভোগী।

সরকারি সুবিধা দেওয়ার কথা বলে এ ধরনের ছিনতাইয়ের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। এর আগে বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নেও ফ্যামিলি কার্ডের জন্য ছবি তোলার কথা বলে এক নারীর স্বর্ণের চেইন নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে। এ ছাড়া জেলার দৌলতখান উপজেলা ও ভোলা সদরেও একই ধরনের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

একই কৌশলে একের পর এক ছিনতাইয়ের অভিযোগ ওঠায় অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের মতে, সরকারি সহায়তা ও বিভিন্ন সুবিধা দেওয়ার নাম ব্যবহার করে প্রতারণা ঠেকাতে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি অপরিচিত ব্যক্তিদের গতিবিধির ওপর নজরদারি জোরদার করা প্রয়োজন।

এদিকে, ফ্যামিলি কার্ডসহ সরকারি কোনো সুবিধা দেওয়ার কথা বলে অপরিচিত কেউ যোগাযোগ করলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সচেতন ব্যক্তিরা। পরিচয় নিশ্চিত না হয়ে ব্যক্তিগত তথ্য দেওয়া কিংবা অপরিচিত কারও কথায় নির্জন স্থানে যাওয়ার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তাঁরা।

এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাব আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ঘটনায় থানায় এখনো কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মাঠপর্যায়ে তৎপর রয়েছে।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটক করতে পুলিশের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।