সারাবিশ্ব
১৭ পোশাক কারখানা সরিয়ে বাংলাদেশসহ ৪ দেশে নিতে চায় ভারতীয় প্রতিষ্ঠান
ভারত থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত পোশাকপণ্যের ওপর হঠাৎ করেই ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এমন সিদ্ধান্তে চাপে পড়ে ভারতের অন্যতম পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান পার্ল গ্লোবাল তাদের উৎপাদন কার্যক্রম ভারত থেকে সরিয়ে নিতে যাচ্ছে।
রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিষ্ঠানটির মহাপরিচালক পল্লব ব্যানার্জি জানিয়েছেন, মার্কিন ক্রেতাদের চাপেই তারা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। এখন থেকে গ্যাপ, কোহল’সসহ যেসব ব্র্যান্ডের জন্য পোশাক তৈরি হতো, সেগুলো বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও গুয়েতেমালার কারখানায় উৎপাদিত হবে।
ব্যানার্জি বলেন, "প্রতিদিন মার্কিন ক্রেতাদের ফোন পাচ্ছি। সবাই এক কথাই বলছেন—ভারত থেকে সরিয়ে অন্য দেশে উৎপাদন করুন।" তাঁর ভাষ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির ওই চার দেশে ১৭টি উৎপাদন কেন্দ্র রয়েছে এবং সেগুলোর মাধ্যমেই নতুন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম পারস্পরিক শুল্কনীতি গ্রহণ করেন। তখন ভারতের ওপর শুল্কহার ছিল তুলনামূলকভাবে কম। এতে ভারতের পোশাক রপ্তানিকারকরা ভেবেছিলেন, তারা বাংলাদেশ ও ভিয়েতনামের মার্কিন বাজারের শেয়ার দখল করতে পারবেন। কিন্তু হঠাৎ করেই ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক বসানোয় সেই সম্ভাবনার দ্বার বন্ধ হয়ে গেল।
পার্ল গ্লোবালের একজন কর্মকর্তা আরও জানিয়েছেন, কিছু মার্কিন ক্রেতা ভারত থেকেই পণ্য নিতে রাজি আছেন, তবে শর্ত দিয়েছেন—শুল্কের বোঝা যৌথভাবে ভাগ করে নিতে হবে। কিন্তু প্রতিষ্ঠানটি সেটিকে অর্থনৈতিকভাবে গ্রহণযোগ্য মনে করছে না। তাই ঝুঁকি না নিয়ে তারা উৎপাদনই সরিয়ে নিচ্ছে—শুল্ক ছাড়াই মার্কিন বাজারে প্রবেশের সুযোগ রয়েছে এমন দেশগুলোতে।