সারাবিশ্ব
হেলিকপ্টারের দড়িতে ঝুলে পালাচ্ছেন নেপালের মন্ত্রীরা (ভিডিও)
সহিংসতায় উত্তাল নেপাল থেকে প্রতিদিনই নতুন নতুন ছবি ও ভিডিও বেরিয়ে আসছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত একটি ভিডিওতে দেখা গেছে, দেশটির কয়েকজন মন্ত্রী ও তাদের পরিবারের সদস্যরা সেনাবাহিনীর হেলিকপ্টার থেকে ঝুলে থাকা রেসকিউ স্লিং বা দড়ি আঁকড়ে ধরে পালাচ্ছেন। এই ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।
কাঠমান্ডুতে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে সরকারি নিষেধাজ্ঞা আরোপের পর থেকেই ব্যাপক বিক্ষোভ শুরু হয়। শান্তিপূর্ণ আন্দোলন মুহূর্তেই সহিংসতায় রূপ নেয় যখন পুলিশ বিক্ষোভকারীদের ওপর গুলি চালায়। এ ঘটনায় প্রাণ হারান অন্তত ২০ জন। উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয় এবং নাগরিকদের ঘরে থাকার নির্দেশ দেয় সেনারা।
এই সহিংসতার মধ্যেই প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হন। পরে দেশটির প্রেসিডেন্টও পদত্যাগপত্র জমা দেন। তবুও বিক্ষোভ থেমে যায়নি; রাজধানীজুড়ে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাট অব্যাহত থাকে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভে নেতৃত্ব দেওয়া তরুণ প্রজন্ম বা জেন-জি গোষ্ঠীগুলো ইতোমধ্যে আন্দোলন থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছে। তাদের দাবি, আন্দোলনটি ‘সুবিধাবাদী অনুপ্রবেশকারীরা ছিনতাই করেছে’। আন্দোলনকারীদের এক বিবৃতিতে বলা হয়, “মঙ্গলবারের বিক্ষোভ নেপালের জেন-জিদের উদ্যোগে আয়োজিত হয়েছিল। আমাদের উদ্দেশ্য ছিল জবাবদিহিতা, স্বচ্ছতা ও দুর্নীতির অবসান। তবে কখনোই দৈনন্দিন জীবন ব্যাহত করা বা অন্যদের আমাদের শান্তিপূর্ণ উদ্যোগের অপব্যবহার করার সুযোগ দেওয়া ছিল না।”
এদিকে নেপালের সেনাবাহিনীও অভিযোগ করেছে, আন্দোলনে বিভিন্ন ব্যক্তি ও নৈরাজ্যবাদী গোষ্ঠী অনুপ্রবেশ করেছে এবং সরকারি ও ব্যক্তিগত সম্পত্তি নষ্ট করছে।
অন্যদিকে, ভাইরাল হওয়া ভিডিওতে মন্ত্রী ও তাদের পরিবারের সদস্যদের হেলিকপ্টারের দড়ি ধরে পালিয়ে যাওয়ার দৃশ্য দেশজুড়ে আলোচনার ঝড় তুলেছে। অনেকেই এটিকে নেপালের বর্তমান রাজনৈতিক সংকটের প্রতীকী চিত্র হিসেবে দেখছেন।