সারাবিশ্ব
ইমরান খানের সঙ্গে কারাগারে সব ধরনের সাক্ষাৎ নিষিদ্ধ ঘোষণা পাকিস্তান সরকারের
পাকিস্তান সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সব ধরনের সাক্ষাৎ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। তিনি বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি আছেন। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার শুক্রবার এ সিদ্ধান্তের কথা জানান। তথ্যমন্ত্রী ইমরান খানকে ‘যুদ্ধ-উন্মাদনায় মগ্ন চরমপন্থি’ হিসেবে উল্লেখ করেছেন।
এর কয়েক ঘণ্টা আগে সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ইমরানকে ‘মানসিক রোগী’ ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করেন। এরপরই হঠাৎ করে তার সঙ্গে সব ধরনের সাক্ষাৎ বন্ধ করা হয়।
তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, এখন থেকে কোনো ব্যক্তি-রাজনৈতিক নেতা, আইনজীবী বা পরিবারের সদস্য-ই ইমরান খানের সঙ্গে দেখা করতে পারবেন না। যদি কেউ জোরপূর্বক দেখা করতে চাইলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সরকারের বক্তব্য, কারাগারে বসে ‘রাষ্ট্রবিরোধী এজেন্ডা’ চালানোর সুযোগ কোনো অবস্থাতেই দেওয়া হবে না।
দুটি দিন আগে ইমরানের বোন উজমা খান তাঁর সঙ্গে দেখা করেছিলেন। তিনি দাবি করেন, সেনাপ্রধান অসীম মুনিরের কার্যক্রম নিয়ে ইমরান অত্যন্ত ক্ষুব্ধ ছিলেন। ৭৩ বছর বয়সী ইমরান খান আগস্ট ২০২৩ থেকে আদিয়ালা কারাগারে বন্দি আছেন। শেষ কয়েক সপ্তাহ ধরে তার সঙ্গে বাইরের কারও কোনো যোগাযোগ ছিল না, যা সমালোচনা ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (PTI) দলের আন্দোলনের ডাক বাড়িয়েছিল। সেই চাপের কারণে সাময়িকভাবে তার বোনের সঙ্গে সাক্ষাৎ অনুমোদিত হয়েছিল।
সূত্র: জিও টিভি