সারাবিশ্ব

ভারতে মানবপাচার চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ১২ বাংলাদেশি নারীসহ ১৪ জন


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:৫৭ পিএম

ভারতে মানবপাচার চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ১২ বাংলাদেশি নারীসহ ১৪ জন
ছবি: সংগৃহীত

ভারতের গুজরাট রাজ্যে একটি আন্তঃরাজ্য মানবপাচার চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় চক্রের মূল বাংলাদেশি এজেন্ট ফারুক শেখসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া উদ্ধার করা হয়েছে ১২ বাংলাদেশি নারীসহ মোট ১৪ জনকে।

পুলিশ জানায়, বাংলাদেশ থেকে ভারতে নারীদের আনা হতো কাজের প্রতিশ্রুতি দেখিয়ে, পরে তাদের জোরপূর্বক পতিতাবৃত্তিতে বাধ্য করা হতো। অভিযানে জানা গেছে, চক্রটি মূলত আর্থিকভাবে দুর্বল পরিবারের নারীদের টার্গেট করত। নারীদেরকে বিউটি পার্লার বা সেলুনে চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে আনা হতো এবং পরে গুজরাট, গোয়া, মহারাষ্ট্র ও রাজস্থানে যৌনকর্মী হিসেবে কাজে বাধ্য করা হতো।

ভারুচ ক্রাইম ব্রাঞ্চ ও স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একাধিক স্পা ও গেস্ট হাউসে নারীদের পাওয়া যায়। উদ্ধার হওয়া ১৪ জনের মধ্যে ১২ জন বাংলাদেশি এবং দুইজন পশ্চিমবঙ্গের বাসিন্দা।

পুলিশ জানায়, প্রধান অভিযুক্ত ফারুক শেখ বাংলাদেশি নাগরিক। প্রায় ১০ বছর আগে তিনি অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এবং ভুয়া নথিপত্র দিয়ে ভারতীয় পরিচয়পত্র তৈরি করেন। জিজ্ঞাসাবাদে ফারুক স্বীকার করেছেন, এ পর্যন্ত তিনি প্রায় ৬০ নারীকে বাংলাদেশ থেকে ভারতে এনেছেন।

অভিযুক্তদের কাছ থেকে মোবাইল ফোন, বাংলাদেশি জাতীয় পরিচয়পত্রের নথি ও পতিতাবৃত্তির সঙ্গে সংশ্লিষ্ট আলামত জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৬৫ হাজার রুপি।

ডেপুটি পুলিশ সুপার অক্ষয়রাজ মাকওয়ানা জানান, অভিযুক্তদের বিরুদ্ধে অনৈতিক পাচার প্রতিরোধ আইন, অভিবাসন ও বিদেশি আইন এবং ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

ভারুচ পুলিশ এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করছে এবং পাচার চক্রে আরও কারা জড়িত ছিলেন, ও কোন কোন পথে নারীদের আনা হয়েছে তা খতিয়ে দেখছে।