সারাবিশ্ব
‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানে মুখর দিল্লি
ভারতের রাজধানী দিল্লির যন্তর-মন্তরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। বিক্ষোভস্থলে দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে পৌঁছালে উপস্থিত জনতা ‘ভারত মাতা কি জয়’, ‘ইনকিলাব জিন্দাবাদ’ ও ‘জয় ভীম’ স্লোগানে তাকে স্বাগত জানায়।
দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, দেশের বিভিন্ন জাতীয় পর্যায়ের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ধর্মেন্দ্র প্রধান সরাসরি দায়ী। এ তথ্য প্রকাশ করেছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
শনিবার ভোরে যুক্তরাষ্ট্র থেকে দিল্লিতে পৌঁছান অভিজিৎ দিপকে। দিল্লি পুলিশ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিক্ষোভের অনুমতি দিয়েছে।
বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানীজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বাসভবনের বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিক্ষোভকারীদের প্রধান লক্ষ্যবস্তু হিসেবে ধর্মেন্দ্র প্রধানের নামই সামনে এসেছে।
উল্লেখ্য, ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তের এক মন্তব্যকে কেন্দ্র করে অনলাইনে ব্যঙ্গধর্মী আন্দোলন হিসেবে ককরোচ জনতা পার্টির সূচনা হয়। এক শুনানিতে তিনি এক শ্রেণির তরুণকে তেলাপোকার সঙ্গে তুলনা করলে সেই মন্তব্য ঘিরেই গড়ে ওঠে এই আন্দোলন।
পরবর্তীতে সময়ের সঙ্গে আন্দোলনটি বিভিন্ন পরিচিত ব্যক্তির সমর্থন লাভ করে। তাদের মধ্যে রয়েছেন শিক্ষা সংস্কারক ও জলবায়ু আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক, চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপ, অভিনেত্রী সোনাক্ষি সিনহা, দিয়া মির্জা ও ফাতিমা সানা শেখসহ অনেকে।