সারাবিশ্ব

‘সুন্দর ভবিষ্যতের জন্য রাস্তায় নেমেছি’ দিল্লির বিক্ষোভে ১৩ বছরের উমাসা


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০২:১১ পিএম

‘সুন্দর ভবিষ্যতের জন্য রাস্তায় নেমেছি’ দিল্লির বিক্ষোভে ১৩ বছরের উমাসা
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সরকারের জবাবদিহি ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে অংশ নিয়েছে হাজারো তরুণ-তরুণী। তাদের ভিড়ে ছিল দরিয়াগঞ্জের ১৩ বছর বয়সী কিশোরী উমাসাও। বাবা সেলিম ও বন্ধু রাহিসার সঙ্গে জাতীয় পতাকা হাতে নিয়ে বিক্ষোভে যোগ দেয় সে।

বিক্ষোভে অংশ নেওয়ার কারণ জানতে চাইলে উমাসা জানায়, একটি সুন্দর ভবিষ্যতের প্রত্যাশা থেকেই সে রাজপথে নেমেছে। প্রশ্নপত্র ফাঁসের কারণে শিক্ষার্থীদের যে অনিশ্চয়তার মুখে পড়তে হচ্ছে, ভবিষ্যতে সে এমন পরিস্থিতির শিকার হতে চায় না।

আন্দোলনে অংশ নেওয়া আশিস নামে এক তরুণী বলেন, তাদের প্রধান দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং এ ঘটনায় সরকারের জবাবদিহি নিশ্চিত করা। একই সঙ্গে সমস্যা সমাধানে আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আলোচনায় বসার আহ্বান জানান তিনি। তার ভাষায়, দেশের শিক্ষার্থী ও শিশুদের ভবিষ্যৎ সুরক্ষার স্বার্থেই এই আন্দোলন।

আরেক আন্দোলনকারী ফারাজ বলেন, দেশের প্রতি দায়িত্ববোধ থেকেই তিনি বিক্ষোভে যোগ দিয়েছেন। তার মতে, অনেক সময় ব্যক্তিগত স্বার্থের চেয়ে আদর্শ ও ন্যায্য দাবিই বড় হয়ে ওঠে। শৈশব থেকে যে ভারতের স্বপ্ন তিনি লালন করেছেন, সেই আদর্শ রক্ষার তাগিদেই তিনি রাজপথে নেমেছেন।

বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ফারাজ অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর বলপ্রয়োগ ছিল অপ্রত্যাশিত এবং বিনা উসকানিতে তা চালানো হয়েছে। আন্দোলনে অংশ নেওয়া আরেক তরুণও বলেন, নিজের শহরে এমন সহিংসতা আগে কখনো দেখেননি। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও বিক্ষোভকারীদের সঙ্গে এমন আচরণ গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।

গত সোমবার বিক্ষোভ চলাকালে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। পরদিন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে বিক্ষোভ করেন বিরোধী নেতারা। পরে তাদের আটক করে ছেড়ে দেয় পুলিশ।

এদিকে বিরোধী দলনেতা রাহুল গান্ধী সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেছেন। দাবিগুলোর মধ্যে রয়েছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনা নিয়ে সংসদে আলোচনা। অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা অভিযোগ করেন, কংগ্রেস শাসিত রাজ্যগুলোতেও প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটলেও সে বিষয়ে রাহুল গান্ধী নীরব ছিলেন।

সূত্র: এনডিটিভি