সারাবিশ্ব
‘ওরা আমাকে মেরে ফেলবে মা’, রাতে ফোনের পর ভোরে তরুণীর মরদেহ উদ্ধার
ভারতের গুয়াহাটিতে একটি হোমস্টের কক্ষ থেকে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের ২২ বছর বয়সী সমাজবিজ্ঞানের শিক্ষার্থী নিমিশা ঠাকুরিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার ২৬ বছর বয়সী প্রেমিক আসিফ আলীকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। গ্রেপ্তার আসিফ আলীর দাবি, ওই তরুণী আত্মহত্যা করেছেন। তবে তার বক্তব্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছে পুলিশ। ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন গুয়াহাটি পুলিশ কমিশনার দেওরি।
পুলিশ কমিশনার জানান, তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। সম্ভাব্য হত্যাকাণ্ডের বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে। তবে মরদেহের আশপাশে কিংবা মেঝেতে কোনো রক্তের চিহ্ন পাওয়া যায়নি।
এদিকে ঘটনা ঘিরে দুটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। নিহত তরুণীর পরিবারের এক বন্ধুর দাবি, তিনি তার মাকে জানিয়েছিলেন যে এক বন্ধুর বাড়িতে রাত কাটাবেন। তবে গভীর রাতে হঠাৎ মাকে ফোন করে তিনি বলেন, ‘ওরা আমাকে মেরে ফেলবে।’ এরপর সম্ভবত তার কাছ থেকে ফোনটি কেড়ে নেওয়া হয়। তবে এই বক্তব্যের সত্যতা এখনো যাচাই করা হয়নি।
অন্যদিকে, হোমস্টের তত্ত্বাবধায়কের বক্তব্যও তদন্তে গুরুত্ব পাচ্ছে। তার দাবি, রাতে তিনি এক ব্যক্তির চিৎকার শুনেছিলেন। ওই ব্যক্তি কাউকে ঘুম থেকে ওঠার জন্য বলছিলেন। তিনি পুরুষ কণ্ঠে ‘দাদা ওঠো, ওঠো’ বলে চিৎকার শুনেছেন বলেও জানান।
নিহত তরুণী হিন্দু ধর্মাবলম্বী এবং গ্রেপ্তার যুবক মুসলিম হওয়ায় ঘটনাটি ঘিরে কয়েকটি সংগঠন বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা ঘটনাটিকে কথিত ‘লাভ জিহাদ’ বলে অভিযোগ করেন। তবে ‘লাভ জিহাদ’ শব্দটি হিন্দুত্ববাদী কিছু গোষ্ঠীর ব্যবহৃত একটি অভিযোগমূলক ধারণা, যার মাধ্যমে মুসলিম পুরুষরা ধর্মান্তরের উদ্দেশ্যে হিন্দু নারীদের প্রেমের সম্পর্কে জড়ান বলে দাবি করা হয়।
বিক্ষোভকারীরা একপর্যায়ে সড়ক অবরোধ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করলে তারা সড়ক থেকে সরে যান।
সূত্র: এনডিটিভি