সারাবিশ্ব

রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেন যুদ্ধে সহায়তা করছে ভারত: অভিযোগ ট্রাম্প প্রশাসনের


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ০৯:৪৬ এএম

রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেন যুদ্ধে সহায়তা করছে ভারত: অভিযোগ ট্রাম্প প্রশাসনের
স্টিফেন মিলার। ছবি: সংগৃহীত

রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেন যুদ্ধে পরোক্ষভাবে সহায়তা করছে ভারত— এমন মন্তব্য করে কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার।

রোববার (৪ আগস্ট) ফক্স নিউজের এক টকশোতে তিনি বলেন, ভারত এখন এত পরিমাণে রাশিয়ার তেল কিনছে যে, তারা চীনের সমান হয়ে গেছে। এই তেল বিক্রির টাকায়ই রাশিয়া ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, আর এভাবে ভারতের তেল কেনা যুদ্ধকে আর্থিকভাবে শক্তি জোগাচ্ছে— যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

মিলারের এই বক্তব্যকে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ভারতের বিরুদ্ধে এখন পর্যন্ত সবচেয়ে কঠোর অবস্থান হিসেবে দেখছে আন্তর্জাতিক মহল। যদিও তিনি এও বলেন যে, ডোনাল্ড ট্রাম্প সবসময় ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চেয়েছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও তার সম্পর্ক ভালো ছিল। কিন্তু পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে এখন বাস্তবতাকে সামনে রেখে কূটনৈতিক ও আর্থিক চাপ প্রয়োগ ছাড়া উপায় নেই।

এদিকে, ভারতের বিরুদ্ধে শুধু তেল কেনার বিষয়েই নয়, আরও কিছু অভিযোগ তুলেছে ট্রাম্প প্রশাসন। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক বসানো এবং মার্কিন অভিবাসন ব্যবস্থায় অনিয়ম বা প্রতারণা। এই পরিস্থিতিতে ভারতকে চাপে ফেলতে ক্রমেই কড়া অবস্থান নিচ্ছে ওয়াশিংটন।

তবে ভারত সরকারের ঘনিষ্ঠ সূত্রগুলো স্পষ্ট করে জানিয়েছে, তেল কেনা পুরোপুরি একটি ব্যবসায়িক সিদ্ধান্ত। সরকারি কিংবা বেসরকারি কোনো রিফাইনারিকেই তেল আমদানিতে বাধা দেওয়া হয়নি, আর তারা তাদের প্রয়োজন অনুযায়ী তেল কিনতেই থাকবে।

এরই মধ্যে ট্রাম্প প্রশাসন ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। পাশাপাশি, তেল কেনা অব্যাহত থাকলে আরও কড়া পদক্ষেপ নেওয়ার হুমকিও দিয়েছে যুক্তরাষ্ট্র।

সম্প্রতি এক বক্তব্যে ট্রাম্প সরাসরি ভারতকে কটাক্ষ করে বলেন, তারা ব্রিকস জোটে ঢুকে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছে। এখন চাইলে নিজেরাই নিজেদের দুর্বল অর্থনীতিসহ ডুবে যেতে পারে।