সারাবিশ্ব

মার্কিন আদালতে নির্দোষ দাবি মাদুরোর, বললেন ‘আমি এখনও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট’


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ০৮:৫৬ এএম

মার্কিন আদালতে নির্দোষ দাবি মাদুরোর, বললেন ‘আমি এখনও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট’
ছবি: সংগৃহীত

মাদক-সন্ত্রাসবাদ সংক্রান্ত মামলায় যুক্তরাষ্ট্রের আদালতে হাজির হয়ে নিজেকে সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। এ সময় তিনি বিচারককে জানান, তিনি এখনও তার দেশের বৈধ প্রেসিডেন্ট এবং তাকে জোরপূর্বক আটক করে যুক্তরাষ্ট্রে আনা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) নিউইয়র্কের ম্যানহাটনে একটি ফেডারেল আদালতে মাদুরোকে হাজির করা হয়। এর আগে গত শনিবার ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসে মার্কিন কর্তৃপক্ষ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, আদালতে মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসও তার বিরুদ্ধে আনা মাদক সংশ্লিষ্ট অভিযোগ অস্বীকার করেছেন এবং নিজেকে নির্দোষ দাবি করেছেন।

শুনানিকালে বিচারক অ্যালভিন হেলারস্টাইন মাদুরোর বিরুদ্ধে দায়ের করা অভিযোগগুলো পড়ে শোনান। এরপর তার বক্তব্য জানতে চাইলে মাদুরো বলেন, উত্থাপিত কোনো অভিযোগের সঙ্গেই তিনি জড়িত নন এবং সব অভিযোগ ভিত্তিহীন।

এদিকে, মাদুরোর আইনজীবী জানিয়েছেন, এই মুহূর্তে তার মক্কেল জামিনের জন্য আবেদন করছেন না। তবে পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে জামিন চাওয়া হতে পারে। মার্কিন বিভিন্ন গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

আল জাজিরা আরও জানায়, আদালত মাদুরোর মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ১৭ মার্চ নির্ধারণ করেছেন। বিচারক অ্যালভিন হেলারস্টাইন এ নির্দেশ দেন।