সারাবিশ্ব
গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের ৮ দেশের ওপর ট্রাম্পের শুল্কারোপ, ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর
গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করায় ইউরোপের আটটি দেশের পণ্যের ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘোষণানুযায়ী, আগামী ১ ফেব্রুয়ারি থেকে এসব দেশের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক কার্যকর হবে। পরবর্তীতে আগামী ১ জুন থেকে এই শুল্কের হার বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে।
স্থানীয় সময় শনিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন ট্রাম্প। তিনি জানান, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া সব ধরনের পণ্যের ওপর এই শুল্ক প্রযোজ্য হবে।
পোস্টে ট্রাম্প দাবি করেন, কয়েক শতাব্দী পর এখন গ্রিনল্যান্ড ডেনমার্কের কাছ থেকে “ফেরত নেওয়ার সময় এসেছে”। তিনি বলেন, গ্রিনল্যান্ড ইস্যুতে বিশ্বশান্তি ঝুঁকির মুখে পড়েছে। চীন গ্রিনল্যান্ড দখল করতে চাইছে, অথচ ডেনমার্ক তা প্রতিরোধে কার্যকর কোনো ভূমিকা রাখতে পারবে না।
মার্কিন প্রেসিডেন্ট আরও অভিযোগ করেন, যুক্তরাজ্যসহ ওই আটটি দেশ ‘অজ্ঞাত উদ্দেশ্যে’ গ্রিনল্যান্ডে সম্পৃক্ত হয়েছে এবং তারা অত্যন্ত বিপজ্জনক একটি খেলায় লিপ্ত। তার মতে, এই সম্ভাব্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতির দ্রুত ও প্রশ্নহীন অবসান ঘটাতে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি, যার অংশ হিসেবেই শুল্কারোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে শুক্রবার হোয়াইট হাউসে এক বৈঠকে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, গ্রিনল্যান্ড নিয়ে তার অবস্থানের সঙ্গে কোনো দেশ একমত না হলে যুক্তরাষ্ট্র তাদের ওপর শুল্ক আরোপ করতে পারে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, জনসংখ্যা কম হলেও গ্রিনল্যান্ড প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। উত্তর আমেরিকা ও আর্কটিক অঞ্চলের মধ্যবর্তী অবস্থানের কারণে ক্ষেপণাস্ত্র হামলার আগাম সতর্কীকরণ ব্যবস্থা স্থাপন এবং আর্কটিক অঞ্চলে জাহাজ চলাচলের ওপর নজরদারির ক্ষেত্রে দ্বীপটির কৌশলগত গুরুত্ব অপরিসীম।
সূত্র: দ্য গার্ডিয়ান