সারাদেশ

টঙ্গীতে ওষুধ কারখানার কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১১:২৫ এএম

টঙ্গীতে ওষুধ কারখানার কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। এ ছাড়া ঘটনাস্থলে যাচ্ছে আরও পাঁচটি ইউনিট।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের গণমাধ্যম শাখার প্রধান বা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, বুধবার সকাল ১০টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয় ফায়ার সার্ভিসের ইউনিটগুলো। সকাল ১০টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসকর্মীরা।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় দুই কিলোমিটার। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।