সারাবিশ্ব
প্রেমের বিচ্ছেদ মেনে নিতে না পেরে প্রেমিকাসহ ৪ জনকে গুলি করে হত্যা
প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার ক্ষোভ ও প্রতিশোধের বশে সাবেক প্রেমিকাসহ চারজনকে গুলি করে হত্যার অভিযোগে নিজের অপরাধ স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক তরুণ। হত্যাকাণ্ডের পর প্রমাণ নষ্ট করতে পুরো বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ারও চেষ্টা করেন তিনি।
অভিযুক্ত তরুণের নাম মিগুয়েল দিয়েগো স্যান্ডোভাল, বয়স ২১ বছর। লস অ্যাঞ্জেলেস কাউন্টির প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, ২০২৪ সালের ১৬ নভেম্বর রাতে ল্যাঙ্কাস্টারের নর্থ ট্যাবলার অ্যাভিনিউ এলাকায় সাবেক প্রেমিকার বাড়ির বাইরে গোপনে অপেক্ষা করছিলেন তিনি।
পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়ার পর স্যান্ডোভাল বাড়িতে প্রবেশ করেন। এরপর একে একে চারজনকে গুলি করে হত্যা করেন তিনি। নিহতরা হলেন তার সাবেক প্রেমিকা জানভি মাকুইনদাং, বয়স ২১; ক্রিস্টিন আকা-আক, ২৫; এডউইন গার্সিয়া, ২৪; এবং ম্যাথিউ মন্টেবেলো, ২১।
হত্যাকাণ্ডের পর বাড়িটিতে আগুন ধরিয়ে দেন স্যান্ডোভাল। এতে বাড়িতে থাকা তিনটি পোষা কুকুরও পুড়ে মারা যায়। ওই সময় বাড়ির ভেতরে দুটি শিশু আটকা পড়েছিল। তবে ১৬ বছর বয়সী এক কিশোর তালাবদ্ধ ঘর থেকে জরুরি নম্বরে ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই শিশুকে জীবিত উদ্ধার করে।
লস অ্যাঞ্জেলেস কাউন্টির জেলা অ্যাটর্নি নাথান জে. হকম্যান বলেন, প্রেমের বিচ্ছেদ মেনে নিতে না পেরে প্রতিশোধের উন্মাদনা থেকেই স্যান্ডোভাল পূর্বপরিকল্পিতভাবে এই সহিংসতা চালান।
আদালতে স্যান্ডোভাল চারটি প্রথম-স্তরের হত্যা, একটি হত্যাচেষ্টা, অগ্নিসংযোগ, ডাকাতি, প্রাণীর প্রতি নিষ্ঠুরতা এবং শিশু নির্যাতনের অভিযোগ স্বীকার করেছেন।
বর্তমানে আদালতের নির্দেশে হেফাজতে থাকা স্যান্ডোভালের দীর্ঘমেয়াদি কারাদণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগামী ১৭ নভেম্বর বিচারক তার চূড়ান্ত সাজা ঘোষণা করবেন।