সারাবিশ্ব
বাস দুর্ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বাস দুর্ঘটনার ঘটনাস্থল থেকে সরাসরি সম্প্রচারের সময় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত একজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেসের চ্যাটসওর্থ এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর এতে আগুন ধরে যায়। লস অ্যাঞ্জেলেস ফায়ার বিভাগ জানিয়েছে, ঘটনাস্থলে চারজনকে পরীক্ষা করা হয়। তাদের মধ্যে তিনজনকে মৃত ঘোষণা করা হয়েছে। আহত একজনকে হাসপাতালে নেওয়া হলেও তার শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
দুর্ঘটনার তদন্ত করবে জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড এবং ফেডারেল বেসামরিক বিমান চলাচল প্রশাসন। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি এনবিসি লস অ্যাঞ্জেলেসের মালিকানাধীন। এর আগে চ্যাটসওর্থ এলাকায় একটি বড় বাস দুর্ঘটনার খবর সংগ্রহ করতে হেলিকপ্টারটি ঘটনাস্থলে গিয়েছিল। ওই বাস দুর্ঘটনায় অন্তত দুজন নিহত হন। সেখান থেকে সরাসরি সম্প্রচারের সময়ই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
তবে হেলিকপ্টারটি সংবাদমাধ্যমের কি না, তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি লস অ্যাঞ্জেলেস ফায়ার বিভাগ। বিভাগের ক্যাপ্টেন ব্র্যান্ডেন সিলভারম্যান বলেন, হেলিকপ্টারটি সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত হচ্ছিল কি না, নিশ্চিত না হওয়া পর্যন্ত এ বিষয়ে অনুমান করতে চান না।
এদিকে লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ জানিয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি তাদের ছিল না।
দুর্ঘটনার পর জরুরি বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। হেলিকপ্টারটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, তা জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি