সারাবিশ্ব

গাজায় ভবন ধসে ধ্বংসস্তূপের নিচে শতাধিক, আটকা অন্তত ৫০ শিশু


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পিএম

গাজায় ভবন ধসে ধ্বংসস্তূপের নিচে শতাধিক, আটকা অন্তত ৫০ শিশু
ছবি: সংগৃহীত

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত একটি ভবন ধসে পড়ে ধ্বংসস্তূপের নিচে অন্তত ১০০ ফিলিস্তিনি আটকা পড়েছেন। তাদের মধ্যে অন্তত ৫০ জন শিশু রয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

বুধবার গাজার সিভিল ডিফেন্স দলের সদস্যরা জানান, ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও ১২ জনকে।

উদ্ধারকারী দলের সদস্যরা জানান, ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহের চেষ্টা চলছে। স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকর্মীরা নিজেদের কাছে থাকা যন্ত্রপাতি ব্যবহার করে ধ্বংসস্তূপ সরানোর কাজে অংশ নিচ্ছেন।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ভবনটি এর আগে ইসরায়েলি হামলায় আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে আশ্রয়ের জন্য বিকল্প কোনো জায়গা না থাকায় সেখানে থাকা ফিলিস্তিনিরা বাধ্য হয়ে ভবনটিতে অবস্থান করছিলেন।

উদ্ধারকারী দলের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত প্রায় ১টার দিকে ভবনটি ধসে পড়ে। ওই সময় ভবনের ভেতরে থাকা বেশিরভাগ মানুষ ঘুমিয়ে ছিলেন।

গাজায় চলমান সংঘাতের মধ্যেই আবাসিক ভবন ধসে হতাহতের ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের জীবিত উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছেন উদ্ধারকারীরা।