সারাদেশ

নোয়াখালীতে বাড়িতে হামলা, অস্ত্র তাক করে ‘গুলি কর’ বলার ভিডিও ভাইরাল


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পিএম

নোয়াখালীতে বাড়িতে হামলা, অস্ত্র তাক করে ‘গুলি কর’ বলার ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে একটি বাড়িতে হামলা ও ভাঙচুরের সময় আগ্নেয়াস্ত্র তাক করে রাখার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে এক যুবককে অস্ত্র হাতে বাড়ির বাসিন্দাদের দিকে তাক করে থাকতে দেখা যায়। তার পাশে থাকা কয়েকজন লাঠি দিয়ে মারধর ও ইটপাটকেল ছুড়ে হামলা চালাচ্ছেন।

ভিডিওতে এক ব্যক্তিকে বারবার ‘গুলি কর, গুলি কর’ বলতে শোনা যায়। এ সময় বাড়ির ভেতর থেকে কয়েকজন নারীর আর্তনাদের শব্দও শোনা যায়।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের লাকুড়িয়াকান্দি পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, বাড়ির জায়গাজমি নিয়ে মজিব উল্যাহ ও তার ভাই শরিফ উল্যাহর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে একাধিকবার বিরোধ মীমাংসার চেষ্টা হলেও তা নিষ্পত্তি হয়নি।

স্থানীয় সূত্র জানায়, বিরোধের জেরে আগের দিন দুই পক্ষের মধ্যে ঝগড়া হয়। এর পর মজিব উল্যাহর পরিবারের সদস্যরা বহিরাগত লোকজন নিয়ে শরিফ উল্যাহর বাড়িতে হামলা চালান বলে অভিযোগ রয়েছে। হামলায় লাঠির আঘাত ও ইটপাটকেলের আঘাতে শরিফ উল্যাহর পরিবারের চার সদস্য আহত হন।

স্থানীয় বাসিন্দাদের দাবি, হামলাকারীদের একজন আগ্নেয়াস্ত্র নিয়ে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং এলোপাতাড়ি গুলি ছোড়েন। তবে এতে কেউ গুলিবিদ্ধ হননি। অস্ত্রধারী ব্যক্তি মুখোশ পরে এসেছিলেন বলে জানান তারা। হামলাকারীদের আরও কয়েকজনকেও মুখোশ পরা অবস্থায় দেখা গেছে।

আমানউল্যাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাহরুল আলম ওরফে সুমন বলেন, এক পক্ষ বহিরাগত অস্ত্রধারী লোকজন এনে প্রতিপক্ষের বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে। হামলাকারীদের একজন আগ্নেয়াস্ত্র হাতে প্রকাশ্যে গুলি করেছেন বলেও দাবি করেন তিনি।

এ ঘটনায় মঙ্গলবার রাতে শরিফ উল্যাহর ছেলে মোবারক উল্যাহ বাদী হয়ে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে মো. ইসরাফিল, মজিব উল্যাহ ও তোফায়েল আহমেদ নামে তিনজনকে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ইসরাফিলকে ঘটনাস্থলে আগ্নেয়াস্ত্র হাতে দেখা গেছে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুজ্জামান বলেন, পারিবারিক ও সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। হামলার সময় অস্ত্র উঁচিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। তবে গুলি ছোড়ার বিষয়টি এখনো পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও বলেন, ছড়িয়ে পড়া ভিডিও ও অডিও পর্যালোচনা করে হামলায় জড়িতদের শনাক্ত করা হয়েছে। অস্ত্র হাতে থাকা প্রধান অভিযুক্তসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।