রাজধানী
ওসির পর এবার সরানো হলো গুলশানের ডিসি তানভীর আহমেদকেও
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার পর এবার উপপুলিশ কমিশনার এম তানভীর আহমেদকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
বুধবার তাকে পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়ে ঢাকা মহানগর পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হয়।
এর আগে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দাউদ হোসেনকেও প্রত্যাহার করা হয়। তাকে সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার সদর দপ্তর ও প্রশাসন শাহরিয়ার আলী জানিয়েছেন, প্রশাসনিক কারণে ডিসি ও ওসিকে প্রত্যাহার করা হয়েছে। আপাতত তাদের স্থলে নতুন কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।
এর আগে ১১ সেপ্টেম্বর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা কর্মীদের একটি ঝটিকা মিছিল হয়। এ ঘটনায় গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। মামলায় ১১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, ১৪ সেপ্টেম্বর পর্যন্ত মামলায় ৮৩ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ২৪ জনকে রিমান্ডে নেওয়া হয়েছে। মিছিলের সময় ককটেল বিস্ফোরণ এবং পুলিশের দিকে ককটেল নিক্ষেপের অভিযোগও মামলার এজাহারে রয়েছে। ঘটনাস্থল থেকে পাঁচটি ককটেল উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
মিছিলের পর গুলশানের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে। এর পাঁচ দিনের মাথায় গুলশান থানার ওসি ও বিভাগের ডিসিকে প্রত্যাহার করা হলো। তবে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে তাদের প্রত্যাহারের কারণ হিসেবে প্রশাসনিক বিষয়কেই উল্লেখ করা হয়েছে।