সারাবিশ্ব
উড্ডয়নের পর চাকা ফেটে ইরানি বিমানে আতঙ্ক, খুলে পড়ল কেবিনের ছাদ
উড্ডয়নের পর বিমানের চাকা ফেটে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়ে ইরানের একটি যাত্রীবাহী বিমান। তীব্র কম্পনের একপর্যায়ে কেবিনের বেশ কয়েকটি আসনের ওপরের ছাদের আবরণ খুলে পড়ে। আতঙ্কিত যাত্রীরা চিৎকার ও দোয়া পড়তে থাকেন। পরে জরুরি অবস্থা ঘোষণা করে বিমানটি মাশহাদ বিমানবন্দরে ফিরিয়ে আনা হয়। তবে বিমানে থাকা সবাই নিরাপদে আছেন বলে জানা গেছে।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এনডিটিভি ও ইন্ডিয়া টুডে জানিয়েছে, উড্ডয়নের সময় বিমানের একটি চাকার টায়ার খুলে যাওয়ার পর সেটির কোনো অংশ ইঞ্জিনে ঢুকে ক্ষতি করে থাকতে পারে। এর পর থেকেই বিমানে তীব্র কম্পন শুরু হয় বলে ধারণা করা হচ্ছে।
যাত্রীদের ধারণ করা ভিডিওতে ঘটনার ভয়াবহ চিত্র দেখা গেছে। তীব্র কম্পনের কারণে কেবিনের ওপরের অংশ ক্ষতিগ্রস্ত হয়ে বেশ কয়েকটি আসনের ওপরের ছাদের আবরণ খুলে পড়ে। একই সঙ্গে ওপরের লাগেজ রাখার খোপও খুলে যায়। যাত্রীদের ব্যক্তিগত জিনিসপত্র আসন ও চলাচলের পথের ওপর ছড়িয়ে পড়ে।
সেপেহরান এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ উড়োজাহাজটি উত্তর-পূর্ব ইরানের মাশহাদ থেকে কেরমানশাহর উদ্দেশে যাত্রা করেছিল। উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানের চাকার সমস্যাটি ধরা পড়ে। পরে পাইলট যাত্রীদের কারিগরি সমস্যার কথা জানিয়ে বিমানটি মাশহাদে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন।
আকাশে থাকা অবস্থায় বিমানটি প্রচণ্ডভাবে কাঁপতে থাকায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অনেক যাত্রী আতঙ্কিত হয়ে চিৎকার করছেন এবং দোয়া পড়ছেন।
শেষ পর্যন্ত বিমানটি নিরাপদে মাশহাদ বিমানবন্দরে অবতরণ করে। সেখানে জরুরি সেবাদানকারী কর্মীরা প্রস্তুত ছিলেন। প্রাথমিকভাবে যাত্রী ও ক্রুদের কারও গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
ঘটনার কারণ নিয়ে কর্তৃপক্ষ এখনো বিস্তারিত কোনো বিবৃতি দেয়নি। বিমানের চাকার টায়ার খুলে যাওয়ার সঙ্গে ইঞ্জিনের সমস্যার কোনো সম্পর্ক ছিল কি না, তা খতিয়ে দেখা হবে বলে জানা গেছে।