সারাদেশ

লক্ষ্মীপুরে গরু চুরির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পিএম

লক্ষ্মীপুরে গরু চুরির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জে চুরি হওয়া একটি গরু এক সপ্তাহ পর ভোলাকোট ইউনিয়নের এক বিএনপি নেতার গোয়ালঘর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দলের শৃঙ্খলাভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা বিএনপি।

গত ১০ সেপ্টেম্বর রাতে রামগঞ্জ উপজেলার ১০ নম্বর ভাটরা ইউনিয়নের নলচারা জোয়ার বাড়ির বাসিন্দা ফাতেমা বেগমের দুটি গরু চুরি হয়। এরপর পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজ করেও গরু দুটির সন্ধান পাননি।

মঙ্গলবার সকালে ভোলাকোট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেনের গোয়ালঘরে একটি চুরি হওয়া গরুর সন্ধান পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গরুটির পরিচয় শনাক্ত করে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

অভিযুক্ত বিএনপি নেতা মো. দেলোয়ার হোসেনের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

এদিকে, অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগে মঙ্গলবার বিকেলে ভোলাকোট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম মজুমদার ও সাধারণ সম্পাদক আবদুল হামিদ বিএসসি স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় দেলোয়ার হোসেনকে। নোটিশে আগামী তিন দিনের মধ্যে সন্তোষজনক জবাব দিতে বলা হয়েছে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। চুরি হওয়া গরুটি কীভাবে ওই গোয়ালঘরে পৌঁছাল এবং এর সঙ্গে কারা সরাসরি জড়িত, তদন্তের মাধ্যমে তা বের করা হবে। জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।