আইন আদালত
শামীম ওসমান জুলাইয়ে অস্ত্র হাতে হত্যাযজ্ঞ চালিয়েছে: প্রসিকিউশন
চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে নারায়ণগঞ্জে সহিংসতার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান-সহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করেছে প্রসিকিউশন। মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানিতে এ দাবি উত্থাপন করা হয়।
রোববার (১৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার-এর নেতৃত্বাধীন বেঞ্চে এ আবেদন দাখিল করা হয়।
প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন আবদুস সাত্তার পালোয়ান। তিনি আদালতে তিনটি অভিযোগ তুলে ধরে বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে নারায়ণগঞ্জে সংঘটিত সহিংসতায় আসামিরা সরাসরি জড়িত ছিলেন এবং পরিকল্পিতভাবে হামলা চালানো হয়।
তার বক্তব্য অনুযায়ী, শামীম ওসমান ওই সময় অস্ত্র হাতে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং সহিংস কর্মকাণ্ডে অংশ নেন। প্রসিকিউশন আদালতে অডিও-ভিডিওসহ বিভিন্ন নথিপত্র উপস্থাপন করেছে এবং ৬১ জন প্রত্যক্ষদর্শীর তালিকাও জমা দিয়েছে।
এ মামলায় শামীম ওসমান ছাড়াও তার ছেলে অয়ন ওসমান ও ভাতিজা আজমেরী ওসমানসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের একাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। বর্তমানে তারা পলাতক থাকায় আদালত তাদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ করেছে।
মামলার অভিযোগ অনুযায়ী, বিভিন্ন সময়ে নারায়ণগঞ্জ-এর চাষাঢ়া, ফতুল্লা ও আশপাশের এলাকায় একাধিক হত্যাকাণ্ড সংঘটিত হয়, যেখানে কিশোর, শিক্ষার্থী ও শ্রমিকসহ কয়েকজন নিহত হন।
এর আগে চলতি বছরের ১৯ জানুয়ারি প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে ট্রাইব্যুনাল তা গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
এদিকে, আসামিপক্ষ অভিযোগ থেকে অব্যাহতির (ডিসচার্জ) আবেদন করার জন্য সময় চেয়েছে। ট্রাইব্যুনাল আগামী ২৩ এপ্রিল এ বিষয়ে শুনানির দিন নির্ধারণ করেছে।