জাতীয়

শেখ সেলিমের ৩৫টি ব্যাংক ও ২৩টি শেয়ার হিসাব অবরুদ্ধের নির্দেশ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১০:২৬ পিএম

শেখ সেলিমের ৩৫টি ব্যাংক ও ২৩টি শেয়ার হিসাব অবরুদ্ধের নির্দেশ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী শেখ ফজলুল করিম সেলিম। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী শেখ ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্তের অংশ হিসেবে তার ৩৫টি ব্যাংক হিসাব ও ২৩টি বিও (শেয়ার) হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (৬ আগস্ট) ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব শুনানি শেষে এই আদেশ দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ।

আদালতে এই আদেশ চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক মো. খায়রুল হক। আবেদনে বলা হয়, শেখ সেলিম ও তার পরিবারের সদস্যরা ক্ষমতার অপব্যবহার করে দেশ-বিদেশে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন। এসব অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাইয়ের জন্য ইতোমধ্যে একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।

দুদকের আবেদনে আরও উল্লেখ করা হয়, তদন্ত চলাকালে বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা গেছে, অভিযুক্তরা এই অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টা করছেন। ফলে এসব সম্পদ অনুসন্ধান শেষ হওয়ার আগেই হারিয়ে যেতে পারে, যা ভবিষ্যতে উদ্ধার কার্যক্রমকে জটিল করে তুলবে।

এই পরিস্থিতিতে, শেখ ফজলুল করিম সেলিম, তার পরিবারের সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের স্বার্থসংশ্লিষ্ট সব অস্থাবর সম্পদ অবরুদ্ধ করার প্রয়োজনীয়তা উল্লেখ করে তাৎক্ষণিক আদেশ প্রার্থনা করে দুদক।

আদালত যুক্তিতর্ক শুনে আবেদনের পক্ষে আদেশ প্রদান করেন।