জাতীয়

দেশে যেন আর গুম না হয়, সেই আইন হচ্ছে: প্রেস সচিব


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ০৯:২৩ পিএম

দেশে যেন আর গুম না হয়, সেই আইন হচ্ছে: প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সংগৃহীত

দেশে গুমের মতো ঘটনা যেন আর না ঘটে, তা নিশ্চিত করতে ‘গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, “বাংলাদেশে যেন আর কখনও গুম না হয় সেই লক্ষ্যে সরকার নতুন আইন করতে যাচ্ছে। এই অধ্যাদেশের খসড়া নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে।”

তিনি জানান, প্রস্তাবিত আইনে গুমকে একটি “চলমান অপরাধ” হিসেবে সংজ্ঞায়ন করা হয়েছে। এতে গোপন আটক কেন্দ্র স্থাপন বা ব্যবহারের মতো বিষয়গুলোকে অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে। গুমে জড়িত থাকলে সর্বোচ্চ মৃত্যুদণ্ডসহ কঠোর সাজা রাখা হয়েছে খসড়া অধ্যাদেশে।

শফিকুল আলম বলেন, “এই আইনে জাতীয় মানবাধিকার কমিশনকে গুম সম্পর্কিত অভিযোগ গ্রহণ ও তদন্তের ক্ষমতা দেওয়া হয়েছে। অভিযোগ গঠনের পর ১২০ দিনের মধ্যে বিচার সম্পন্ন করার বাধ্যবাধকতা রাখা হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগী, তথ্য সরবরাহকারী ও সাক্ষীদের সুরক্ষার পাশাপাশি ক্ষতিপূরণ ও আইনগত সহায়তা নিশ্চিতের দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে।”

ব্রিফিংয়ে আরও জানানো হয়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, ১৭ অক্টোবর লালন সাঁই-এর তিরোধান দিবসকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে উদযাপনের অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে নজরুল ও রবীন্দ্রনাথের মতোই লালন সাঁইয়ের স্মরণ দিবসও রাষ্ট্রীয়ভাবে মর্যাদায় পালিত হবে।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেসসচিব ফয়েজ আহমেদসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।