জাতীয়

১৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাজ্য


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ০৪:৫৫ পিএম

১৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাজ্য
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পর এবার যুক্তরাজ্যও অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিদের নিজ দেশে ফেরত পাঠাতে শুরু করেছে। এরই অংশ হিসেবে ১৫ জন বাংলাদেশি অভিবাসীকে বিশেষ একটি ফ্লাইটে করে দেশে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে যুক্তরাজ্যের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) স্থানীয় সময় রাত ৯টার দিকে লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দর থেকে যাত্রা করে ফ্লাইট HFM851। ইসলামাবাদ হয়ে শুক্রবার দুপুর ২টা ১০ মিনিটে সেটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ঢাকায় অবস্থিত কূটনৈতিক সূত্র জানিয়েছে, ফেরত পাঠানো এসব বাংলাদেশির মধ্যে কেউ বৈধ পাসপোর্টধারী ছিলেন, আবার অনেকের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। সেক্ষেত্রে বাংলাদেশ হাইকমিশনের কনসুলার শাখা তাদের জন্য ট্রাভেল পারমিট ইস্যু করে।

ফেরত আসা ব্যক্তিদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়—বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, নোয়াখালী ও ঢাকায়। যাত্রী তালিকা বিশ্লেষণে দেখা গেছে, অন্তত ছয়জনের পেশাগত কোনো পরিচয় ছিল না। বাকিরা কেউ ওয়েটার হিসেবে যুক্তরাজ্যে কাজ করতেন, কেউবা পড়াশোনা করছিলেন।

বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথ সমন্বয়ের ভিত্তিতে এ প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করেছে যুক্তরাজ্যের অভিবাসন কর্তৃপক্ষ। সম্প্রতি দেশটি অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে গেছে।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, “বেশ কিছু বাংলাদেশি ভিসার মেয়াদ শেষ হলেও যুক্তরাজ্যে অবৈধভাবে অবস্থান করে থাকেন। ব্রিটিশ সরকার সে অনুযায়ী আইনগত পদক্ষেপ নিচ্ছে, এবং ফেরত পাঠানো হচ্ছে সেই প্রক্রিয়ারই অংশ।”

প্রসঙ্গত, সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপের বিভিন্ন দেশ অভিবাসন নীতিতে কড়াকড়ি আরোপ করেছে। এর ফলে, ভিসার শর্ত ভঙ্গ বা অবৈধভাবে বসবাস করা অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে।